২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ শতাংশের বেশি ভোট পড়লেই নির্বাচন গ্রহণযোগ্য: ভারপ্রাপ্ত সিইসি

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান বলেছেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়লেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। নির্বাচনের গ্রহণযোগ্যতা রাজনৈতিক দলের মতামতের উপর নির্ভর করে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 06:44 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে কী না জানতে চাইলে -- মাহফুজুর রহমান মঙ্গলবার বিকেলে বলেন, “যখন ৫০ শতাংশের ওপরে জনগণ ভোট  দেয়, তখন নির্বাচন গ্রহণযোগ্য হয়। এরচেয়ে কম ভোট পড়লে তা হয় না। কোন রাজনৈতিক দল নির্বাচনকে গ্রহণযোগ্য বললো কী বললো না, এর মধ্যে আমাকে জড়াবেন না।”

ভারপ্রাপ্ত সিইসি আরো বলেছেন, নির্বাচনে সংঘাত হলে তার দায়দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের ওপর বর্তাবে।

৯০ দিনের বাইরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কমিশন সুপ্রিম কোর্টের কাছে কোন রেফারেন্স চাইবে কী না সাংবাদিকদের এ প্রশ্ন এড়িয়ে গিয়ে মাহফুজুর রহমান বলেন, “সুপ্রিম কোর্টে রেফারেন্স চাওয়ার জন্য যারা উদ্যোগ নিয়েছে, তাদের কাছে এ বিষয়ে জানতে চান। আমাদের ৯০ দিনের বাইরে নির্বাচনের যাওয়ার কোন সুযোগ সংবিধানে নেই।”

নির্বাচন স্থগিত করার কোনো সুযোগ কমিশনের আছে কী না? এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সিইসি পাল্টা প্রশ্ন করেন, “আমাকে এ জন্য আইন দেখান। এ জন্য কোনো আইন আছে?”

তিনি আরও বলেন, “নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য নয়; নির্বাচন জনগণের জন্য।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে আইন - শৃঙ্খলা রক্ষায় বুধবার থেকে ২০ দিনের জন্য সারাদেশে সেনা বাহিনী মোতায়েন করা হচ্ছে।  সেনা সদস্যরা এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার করার পাশাপাশি আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। এই ২০ দিন সেনা সদস্যদের বিনা গ্রেপ্তারি পরোয়ানায় কোনো দুস্কৃতিকারীকে গ্রেপ্তার করার ক্ষমতা থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আইন অনুযায়ী  তাদেরকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে।

এবারের নির্বাচনে সেনা বাহিনীকে  কেন ২০ দিনের জন্য গ্রেপ্তারের বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে, তা জানতে চাওয়া হলে মাহফুজুর রহমান বলেন,“গতবারের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন।”