চারদলের সম্মতিতেই জলিলের বাসায় গেছেন উপদেষ্টারা
চার দলীয় জোটের সবুজ সংকেত পেয়েই মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে দেখা করেছেন তিন উপদেষ্টা।
এর আগে দুপুর দেড়টার দিকে কৃষি উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক সংকট নিরসনে তিন উপদেষ্টার নেওয়া উদ্যোগে চারদলীয় জোট সম্মতি দিলেই তারা মহাজোটের সঙ্গে আলোচনায় বসবেন।
কৃষি মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সেসময় তিনি বলেন, “চারদলের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনও সঙ্কেত পাইনি।”
সংকট নিরসনে নতুন প্রস্তাব নিয়ে সফিকুল হক চৌধুরীসহ তিন উপদেষ্টা রোববার বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার সঙ্গে দেখা করার পর এই প্রথম তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
সাক্ষাতের সময় মান্নান ভূঁইয়া উপদেষ্টাদের বলেন, তাদের প্রস্তাবে আইনগত কিছু বাধা আছে।
এর জবাবে উপদেষ্টারা বিএনপি মহাসচিবকে বলেন, সংবিধানে আইনগত বাধার কথা লেখা থাকলেও বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হরতাল ও অবরোধের ফলে সৃষ্ট পরিস্থিতিতে করণীয় উল্লেখ নেই। তারা এ সংকট থেকে উত্তরণের জন্য সমঝোতার উদ্যোগ নিয়েছেন বলে মান্নান ভূঁইয়াকে জানান।
কৃষি উপদেষ্টা অতীতে প্রণীত সাংবিধানিক বিধির প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেন, “তখন যদি এখনকার মতো জটিল পরিস্থিতি সৃষ্টি হতো তাহলে অবশ্যই সংবিধানে বিকল্প উপায় লেখা থাকত।”
বর্তমান সংকট পাঁচ বছর ধরে চলছে উল্লেখ করে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে এর সবকিছু সমাধান করে ফেলবে এটা ভাবা ঠিক নয়।”
ক’টনৈতিকদের তৎপরতার সঙ্গে উপদেষ্টাদের উদ্যোগের কোনও সম্পর্ক নেই জানিয়ে সফিকুল হক চৌধুরী বলেন, “ক’টনীতিবিদরা তাদের মতো সমাধানের চেষ্টা করবে।”
উপদেষ্টারা সবাই কেন একসঙ্গে বসছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা না ডাকলে আমাদের তো কিছু করার নেই।”
