বঙ্গভবনে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি:রেজিস্ট্রার
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. ফজলুল করিম বলেছেন, রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তার কোনও আলোচনা হয়নি। বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে তিনি কেবল সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন।
সোমবার দুপরে সুপ্রিম কোর্টে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, ৯০ দিনের পর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সর্বোচ্চ আদালতের মতামত নেওয়া হবে কিনা -- সে সম্পর্কিত কোনো আলোচনাও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে হয়নি।
রেজিস্ট্রার বলেন, হাইকোর্টে নতুন বিচারক নিয়োগ বা কোনো মামলা নিয়েও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি তার।
ফজলুল করিম আরও বলেন, রেফারেন্স পাঠানোর প্রয়োজন হলে বঙ্গভবনের কর্মকর্তারাই সুপ্রিম কোর্টে আসবেন। এ জন্য তার বঙ্গভবনের যাওয়ার প্রয়োজন নেই।
রোববার বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে তাহলে কী আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাব দিতে তিনি অস্বীকার করেন।
প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ৩টা থেকে শুরু করে প্রায় এক ঘণ্টা বঙ্গভবনে বৈঠক করেন মোহাম্মদ ফজলুল করিম। পরে রাতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এরশাদুল বারী।
এর আগে ২২ জানুয়ারি নির্বাচন বর্জন ও প্রতিহত করতে মহাজোটের ডাকা টানা তিনদিনের অবরোধের প্রথম দিন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী দুপুরে সাংবাদিকদের বলেন, নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা জানতে সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠানোর বিষয়ে উপদেষ্টারা উদ্যোগ নিচ্ছেন।
