২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস দুর্ঘটনায় ৬ টি তদন্ত কমিটি

কুমিল্লার সুয়াগাজীতে শনিবার বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় মিললেও রোববার পর্যন্ত অন্য লাশগুলো সনাক্ত করা যায়নি। এদিকে দুর্ঘটনায় জেলা প্রশাসনসহ পৃথকভাবে পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 08:28 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা।

এ ছাড়াও সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, বিআরটিএ, কুমিল্লা পুলিশ পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যে রোববার তিনটি কমিটি প্রতিবেদন দিয়েছে। এতে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বাসটি ডিজেলচালিত ইঞ্জিন ছিল বলে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনায় বাসটিতে আগুন লেগে অধিকাংশ মৃতদেহই পুড়ে গেছে। ফলে আত্মীয়স্বজনদের কেউই লাশ সনাক্ত করতে পারেনি।

নিহত ৪১ জন যাত্রীর মধ্যে ২৬ জন পুরুষ, ৯ জন মহিলা এবং ৬ শিশুর সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের নুরুল ইসলাম (৩০), স্ত্রী ফেরদৌসী শিল্পী (২১) এবং তাদের আড়াই বছরের শিশুপুত্র সাজ্জাদ, দাউদকান্দি পালপাড়া গ্রামের মোস্তাক মিয়া, স্ত্রী শিরিন আক্তার, মেয়ে আমেনা এবং ছেলে জসীম, বাসের হেলপার ফেনীর ছাগলনাইয়ার মারয়ারচর গ্রামের ইলিয়াছ (২৬), আহসানউল্লাহ, রিপন, আলী আক্কাস, কুমিল্লার মনোহরগঞ্জের শরীফপুর গ্রামের আবদুল জলিল। তবে লাশগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় আত্মীয়স্বজনরা তাদের সনাক্ত করতে পারেনি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মাহবুবুল হক বলেন, সন্ধ্যা পর্যন্ত লাশ সনাক্ত করা যায়নি এবং আত্মীয় স্বজনরা লাশ নিতে অস্বীকৃতি জানালে দাফনের জন্য ৪১ জনের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে।