২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ২ ব্যক্তিকে জবাই

দৌলতপুরে শনিবার রাতে দাউদ বিশ্বাস ও আফাজ আলী নামের দুজনকে জবাই করে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 05:12 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এ ঘটনার দায় স্বীকার করে করে বিবৃতি দিয়েছে চরমপন্থী দুই সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধ ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল নিউ লাল যোদ্ধা।

শনিবার রাত সোয়া ৯টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামের নির্জন এক মাঠে দাউদ ও আফাজকে জবাই করে চরমপন্থীরা। এরপর তারা শক্তিশালী চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলে যায়।

গভীর রাতে পুলিশ লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে জনযুদ্ধের কয়েকটি প্রচারপত্রও পাওয়া গেছে।

নিহত দাউদ বিশ্বাস (৪০) ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের আয়েজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও আফাজ আলী (৪৩) একই গ্রামের আহম্মদ আলীর ছেলে। দাউদ পেশায় একজন কৃষক এবং আফাজ দিনমজুর বলে জানা গেছে।

নিহতদের পরিবারের সদস্য, পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ি ফেরার পথে চরমপন্থীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এলাকাবাসীর কেউ কেউ নিহতদের বিএনপি অথবা জামায়াত কর্মী বলে দাবি করেছে। আবার কেউ বলেছে, এরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

ঘটনার পর পরই ০১৭২১--৭৫২০৩৮ নম্বরের মোবাইল থেকে সাংবাদিকদের ফোন করে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার পরিচয় দিয়ে সংগ্রাম নামের এক ব্যক্তি এই হত্যাকাণ্ডের দায়-- দায়িত্ব স্বীকার করে।

এরপর ০১৭১৫-- ৮৩২৯৭৩ মোবাইল থেকে আরেকটি ফোন করে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল নিউ লাল যোদ্ধার খুলনা বিভাগীয় হাই কমান্ডার পরিচয় দিয়ে দিলীপ বিশ্বাস নামে এক ব্যক্তি এই জোড়া খুনের দায় স্বীকার করায় বিভ্রান্তি সৃষ্টি হয়।

দুটি গ্র“পই বলেছে, র‌্যাব--পুলিশের কথিত ‘এনকাউন্টার’, ‘ক্রসফায়ার’ যতদিন চলবে বিএনপি--জামায়াত নেতা-- কর্মীদের খতম অভিযানও ততদিন চালানো হবে।

পুলিশ সুপার ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, স্থানীয় লাল চাঁদ বাহিনীর সদস্যরাও হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। এই বাহিনী ওই এলাকায় দীর্ঘদিন সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।