রাজশাহীতে মহাজোটের সমাবেশে নির্বাচন প্রতিহতের আহবান
২২ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আহবান জানানো হয়েছে রাজশাহীতে শুক্রবার মহাজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে।
বিকেল ৪টার দিকে মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে সাহেব বাজার বড় রাস্তায় হয় সমাবেশ।
এতে বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজ উদ্দিন সম্পুর্ণ ব্যর্থ। চার দলীয় জোটের ইশারায় প্রশাসন চলছে। এ অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না।
আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে নীল নক্সার নির্বাচন বন্ধ করতে নেতা-কর্মী ও জনগণের প্রতি আহবান জানানো হয়। সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতির পদত্যাগও দাবি করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পাটির ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন, ন্যাপের মুস্তাফিজুর রহমান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ সাফিকুল আলম, জাসদের আবদুল্লাহ আল মাসুদ শিবলী, ওয়ার্কার্স পর্টির লিয়াকত আলী লিকু, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রমূখ।
