২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশার চাদর জড়িয়ে ঘুম ভাঙলো রাজধানীর

ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে শুক্রবার ঘুম ভেঙেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের। শুক্রবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। চুয়াডাঙ্গা ও যশোরে বৃহস্পতিবার ছিল ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 02:04 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, আরও দুদিন চলবে এ শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশার কারণে চাঁদপুরে অর্ধশত লঞ্চ আটকা পড়ে। মানিকগঞ্জের দৌলতদিয়া--পাটুরিয়া  রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার রাত থেকে কয়েক শ যানবাহন আটকা পড়ে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে বিলম্ব হয়েছে। হংকংগামী একটি ফ্লাইট বেলা সাড়ে ১১ টায় ছাড়ার কথা থাকলেও দুপুর ৩ টায় তা ছাড়া হয় এবং কাঠমান্ডুর ফ্লাইটটি পৌনে দুইটার জায়গায় ছেড়েছে সোয়া ৩টায়।