মদ্যপ ও মদ ব্যবসায়ীদের সংঘর্ষে আহত ২০
মদ্যপ ও মদ ব্যবসায়ীদের মধ্যে বুধবার ও বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে সিরাজগঞ্জে।
স্থানীয় লোকজন জানান, বুধবার গভীর রাতে গোশালা মহল্ল¬ার কয়েকজন মদ্যপ ফজলুল হক রোডের মদের দোকানে মদ খেতে যায়। মদে অতিরিক্ত পানি মেশানো নিয়ে মদ্যপদের সঙ্গে ব্যবসায়ীদের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এবং বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের দেশী অস্ত্র। সে সময় ১০/১২টি দোকানও ভাংচুর করা হয়।
গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ লিটন বলেছেন, গোশালা ও ভাঙ্গাবাড়ী এলাকায় মদ খেয়ে কয়েকজন মদ্যপ টাকা না দেয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
