ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
জেলার বিরাসার গ্রামে মঙ্গলবার সকালে দুইদল গ্রামবাসীর মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫/২৬ হাজার ভোটারের ওই বিশাল গ্রামের পোড়াবাড়ি ও মালেক মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ফসলি জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুই দফা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, খবর পেয়ে প্রায় আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এসময় পুলিশের দুই কর্মকর্তাসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫ রাউণ্ড শর্টগানের গুলি ও ১৫ রাউণ্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের এএসপি জহুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেন, সংঘর্ষের ফলে গ্রামটি দু ভাগে বিভক্ত হয়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি জটিল আকার নিলে পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়। ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
