২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ ঘন্টার মধ্যে দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি: গার্মেন্টস শ্রমিকদের হুমকি

আগামী ৭২ ঘন্টার মধ্যে মজুরী নির্ধারণ ও চুক্তি বাস্তবায়ন না করলে গার্মেন্টস শিল্পাঞ্চল অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 02:40 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মুক্তাঙ্গনে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের ফলে ন্যূনতম মজুরী বোর্ড গঠিত হলেও আজও তা ঘোষণা করা হচ্ছে না। ফলে শ্রমিকদের মানবেতর জীবনের কোন উন্নতি হয়নি।

সমাবেশে সভাপতি বলেন, সরকার, বিজিএমইএ ও বিকেএমই গার্মেন্টস শ্রমিকদের সাথে প্রতারণা করেছে। মজুরী বোর্ড ঘোষণার চার মাস পরও চুক্তি বাস্তবায়ন ও মজুরী নির্ধারণ করা হয়নি। এদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম বেড়ে যাওয়ায় শ্রমিকরা হতাশ হয়ে পড়েছে।

তিনি বলেন, শ্রমিকরা আবার যদি ক্ষুব্ধ হয় তবে তা গত মে মাসের চেয়েও ভয়াবহ হবে। আর এর দায়-দায়িত্ব তখন সরকার ও মালিকপক্ষকেই নিতে হবে। তিনি ৭২ ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সামবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মুক্তাঙ্গন থেকে শহীদ নূর হোসেন চত্বর হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।