হবিগঞ্জ ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৪
হবিগঞ্জে বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে ১৪ জন আহত হন। এছাড়া রাজবাড়ী--কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কিশোরী প্রাণ হারিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা--সিলেট মহাসড়কে হবিগঞ্জের পানিউমদা বাজারের কাছে কয়েকটি ছাগলকে বাঁচাতে গিয়ে সেনাবাহিনীর ওই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১৪ সেনাসদস্য আহত হন। পরে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উদ্ধারকারী দল এসে ভ্যানটি উদ্ধার করে। সুনামগঞ্জে ভিজিএফের চাল বিতরণ করে ভ্যানটি কুমিল্লা ক্যান্টনমেন্টে ফিরে যাচ্ছিল।
ওই ঘটনায় আহত জাকির (৩৫), আব্দুল বারি (৩৫), মজিবর (৩৫), জহির (১৯), মাসুদ রানা (২৫), আজিজ (২৫), রাহাত(২৫), আতিকুর (১৯), মাহবুবুল (২৮) ও লুৎফরকে (১৯) প্রথমে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের কুমিল্লা সিএমএইচে স্থানান্তর করা হয়। গুরুতর আহতরা হচ্ছেন মহসিন (২২), রিপন (১৯), ছানোয়ার (২৯) ও ছালাম (২৫)। এদের পরে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।
এদিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় বৃহস্পতিবার দুপুরে এক কিশোরী নিহত হয়। রূপা (১০) নামের ওই কিশোরীর বাড়ি রাজবাড়ীর শহরের ভবানীপুর।
রাজবাড়ী থানার পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে রূপা বাড়ি থেকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে নতুন বাজার যাওয়ার পথে পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
