জমির অভাবে ঢাকায় নতুন থানা হচ্ছে না: সংসদে বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, জমির অভাবে ঢাকা সিটি করপোরেশন এলাকায় নতুন থানাগুলোর ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
সাংসদ এসএ খালেকের এক প্রশ্নের জবাবে বুধবার সংসদে তিনি একথা জানান।
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে পুলিশ বাহিনীতে ১৭ হাজার ৯৯টি নতুন পদ সৃষ্টি করেছে। এর মধ্যে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার তদন্তের জন্য ৩০০ টি সাব ইন্সপেক্টরের পদ রয়েছে।
ওইসব নতুন পদসহ বিভিন্ন শূণ্য পদে ইতোমধ্যে ৩০ হাজার ৮৫১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও এক হাজার ২৩৫ জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
বাবর জানান, বর্তমান সরকারের আমলে দেশে ৩০ টি নতুন থানা, ১৭ টি পুলিশ ফাঁড়ি, ২৪ টি পুলিশ তদন্ত কেন্দ্র, একটি হাইওয়ে ও দুটি নৌ - ফাঁড়ি স্থাপন করা হয়েছে।
আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, কাঁচা চামড়াসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিভিন্ন হাট বাজার ও সীমান্ত এলাকায় বিডিআর টহল জোরদার করা হয়েছে। এছাড়াও চোরাচালানীদের গতিবিধি পর্যবেক্ষণে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে বাবর আরও বলেন, সরকার দেশের মানুষের পাসপোর্ট প্রাপ্তি সহজতর করতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), ভিসা (এমআরভি) ও ন্যাশনাল আইডি কার্ড প্রবর্তনের উদ্যোগ নিয়েছে। এজন্য আঞ্চলিক পাসপোর্ট অফিস ১৫ থেকে বাড়িয়ে ২৫ এ উন্নীত করা হচ্ছে। নতুন ১০ টি অফিসের মধ্যে ঢাকায় চারটি, চট্টগ্রাম, দিনাজপুর, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল ও পটুয়াখালীতে একটি করে স্থাপন করা হবে।
