সাভারে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মুক্তির দাবিতে দলীয় নেতা--কর্মীরা মঙ্গলবার ঢাকা--আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
পরে নেতা--কর্মীরা গেন্ডা বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে বেধড়ক লাঠিচার্জ এবং দুই কর্মীকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলমের মুক্তির দাবিতে সকাল ১০ টার দিকে আওয়ামী লীগ নেতা--কর্মীরা গেন্ডা বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি শুরু করে। সে সময় সাবেক পৌর চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফউদ্দিন খান ইমুর সভাপতিত্বে একটি সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী, নূরে আলম নিউটন ও ছাত্রলীগ নেতা সায়েম মোল্লা।
কর্মসূচি শেষে বেলা সাড়ে ১০ টার দিকে নেতা--কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম সালাহউদ্দিন নাগরীকে একটি স্মারকলিপি দেন।
পরে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা--কর্মীরা গেন্ডা বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা--আরিচা মহাসড়ক অবরোধ করেন। কিন্তু কিছুক্ষন পর পুলিশ ঘটনাস্থলে পৌছৈ বেধড়ক লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন নেতা--কর্মী আহত হন। সে সময় ঢাকা--আরিচা মহাসড়কে প্রায় পৌণে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ কর্মী জামাল হোসেন ও রহিমকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সাভার থানা পুলিশ জানায়, মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে যানবাহন চলাচল বন্ধের পর বিশৃঙ্খলা সৃষ্টির কারণে আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, সাভার থানা পুলিশের একটি দল ১৬ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে তার বাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করে।
