অধ্যাপক আফতাব মারা গেছেন, আপডেট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার সকাল নয়টায় মারা গেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আনিসুর রহমান চৌধুরী বিডিনিউজকে বলেন, করোনারি আর্টারিতে রক্ত জমাট বেধে বা মূল রক্ত সংবহনতন্ত্র হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ার ফলেই আফতাব আহমাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া ছাড়া আফতাব আহমাদের মৃত্যুর কারণ সম্পর্কে আর কোনও তথ্য তিনি পাননি বলে জানান।
তিনি বলেন, সোমবার ভিআইপি আইসিইউয়ে থাকা অবস্থায় অধ্যাপক আফতাব আহমাদ আগের চেয়ে ভালো বোধ করছেন বলে আমি বলেছিলাম।
মঙ্গলবার সকালেও আফতাব আহমাদ তার পরিবারের সাথে কথা বলেছেন। এর পরপরই তার এই আকস্মিক মৃত্যু পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের কাছে প্রচন্ড নাড়া দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
শনিবার রাত আটটায় একদল সন্ত্রাসী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ বাড়িতে অধ্যাপক আফতাবকে গুলি করে।
