লালমনিরহাটে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ, আহত ১২
বুড়িমারী স্থল বন্দর থেকে লালমনিরহাটগামী একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যূত হয়ে ১২ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার পর লালমনিরহাট - বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কয়টা নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা বলতে পারেননি রেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত এ রুটে গত দুই মাসে কমপক্ষে ৩০টি দুর্ঘটনা ঘটেছে।
বুড়িমারী স্থল বন্দর থেকে লালমনিরহাটে আসার পথে ভোটমারী রেল স্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যূত হয়। এ ঘটনার পর লালমনিরহাট - বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আহতদের মধ্যে যাদব চন্দ্র (৩৫), মাধব চন্দ্র (২৬), রোজিনা বেগম (৩২), আফসার আলী (৪৮) ও সালামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সোলেমান চৌধুরী এ ব্যাপারে জানান, একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে সে ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।
ঘটনার তদন্তে কোন কমিটি গঠন করা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজকে বলেন, গত দুই মাসে এই রুটে অন্তত: ৩০টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সেইসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও কোন ফল পাওয়া যায়নি। এছাড়া উদ্ধারকারী ট্রেন পাঠাতে গিয়ে তেল ও স্টাফ খরচ বাবদ অতিরিক্ত ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
