ড. আফতাবের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ১দিনের ছুটি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আফতাব আহমাদের হত্যাকারীদের বিচার দাবিতে মঙ্গলবার সকালে শতাধিক কর্মকর্তা - কর্মচারী প্রায় এক ঘন্টা ক্যাস্পাস সংলগ্ন ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
দুপুর সাড়ে ১২ টার দিকে একদল কর্মকর্তা - কর্মচারী উপাচার্য ড. ওয়াকিল আহমদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে দুই দিন ছুটি ঘোষণার দাবি জানান। উপাচার্য এতে আপত্তি জানালে কিছু কর্মকর্তা - কর্মচারি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে হইচই শুরু করে দেন। তখন উপাচার্য বুধবার এক দিনের ছুটি ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে ড. আফতাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে নীরবতা নেমে আসে। আফতাব আহমাদের দায়িত্ব পালনকালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক - কর্মকর্তা - কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত - শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত কর্মকর্তা আবু হানিফ খন্দকারের নেতৃত্বে আফতাবপন্থীরা একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আবু হানিফ খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাকির হোসেন, মো: সিরাজউদ্দিন, আব্দুর জাহের আহম্মদ প্রমুখ।
তারা অধ্যাপক আফতাবের মরদেহ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনে জানাজার দাবি জানান।
উপাচার্য ড. ওয়াকিল আহমেদ এ ব্যাপারে আফতাব আহমাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা আপত্তি জানান।
