বাংলাদেশ - ভারত নৌপথ নিয়ে নয়াদিল্লীতে বুধবার আলোচনা শুরু
বাংলাদেশ ও ভারতের নৌ পরিবহন মন্ত্রীদের দু দিনব্যাপী বৈঠক নয়াদিল্লিতে বুধবার থেকে শুরু হচ্ছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
দীর্ঘ সাড়ে চার বছর পর বাংলাদেশ--ভারত নৌ পরিবহন খসড়া চুক্তি সংক্রান্ত নবম স্থায়ী কমিটির বৈঠক আবার বসছে।
নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারতের সহযোগিতা চাইবে। ভারতের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যেসব নদী বাংলাদেশে প্রবেশ করেছে সেসব নদীর নাব্যতা সংকটের বিষয়টি এ আলোচনায় প্রাধান্য পাবে।
১৯৭১ সালে বাংলাদেশের অভ্যন্তরীণ নদীপথের দৈর্ঘ্য ছিল ২৪ হাজার কিলোমিটার। বর্তমানে তা কমে মাত্র ৩ হাজার ৮০০ কিলোমিটারে এসে ঠেকেছে বলে নৌ পরিবহন মন্ত্রণালয় জানায়।
নাব্যতা সংকটের বিষয়টি ছাড়াও বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্গো জাহাজ চলাচল বৃদ্ধি, রাজশাহী - গোদাগাড়ী এবং ভারতের ধুলিয়াঁর মধ্যে নৌপথের উন্নয়ন, আংটিহারা এবং নামখানা পয়েন্টের মধ্যে যৌথ নৌ পরিবহন ব্যবস্থা চালু এবং ভারতের বেশকিছু নৌ পরিবহন নিয়ে বকেয়ার নিষ্পত্তি সংক্রান্ত বিষয়গুলো উত্থাপন করা হবে।
ভারতের বিভিন্ন জাহাজের কাছে বাংলাদেশের বকেয়া পাওনা ৩৩ লাখ টাকা।
১৯৭২ সালে আইডব্লিউটিঅ্যান্ডটি চুক্তি কার্যকর করা হয়। এটি প্রতি দু বছর অন্তর নবায়নযোগ্য। এ চুক্তি অনুযায়ী বাংলাদেশের নির্দিষ্ট আটটি নৌরুট ব্যবহার করে কলকাতা এবং আসামের (ধুবড়ি, করিমগঞ্জ) মধ্য দিয়ে ভারতে মালবাহী নৌ পরিবহনের অনুমোদন দেওয়া হয়।
এ চুক্তির মেয়াদ ছিল ২০০৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। চুক্তি অনুযায়ী ভারতের কলকাতা, হলদিয়া, পান্ডু ও করিমগঞ্জ এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, খুলনা ও মংলাকে ‘পোর্টস অব কল’ হিসেবে ঘোষণা করা হয়।
অভ্যন্তরীণ নৌ বাণিজ্য এবং পরিবহন চুক্তির খসড়া অনুযায়ী, ভারত আশুগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ বন্দরকে ‘পোর্টস অব কল’ হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছে। এ চুক্তি অনুসারে ভারত থেকে আনা মালামাল এসব বন্দরে খালাস এবং অন্য জাহাজে স্থানান্তরের সুযোগ থাকবে।
