২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহরণের ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার, আটক ৮

চট্টগ্রামে র‌্যাব সদস্যরা এক ব্যবসায়ীকে অপহরণের নয়দিন পর উদ্ধার করেছে। এসময় আটক করেছে সন্দেহভাজন আট অপহরণকারীকেও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

র‌্যাব সদস্যরা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একটি উপজাতীয় গ্রামের এক কিলোমিটার দূরে একটি কালী মন্দির থেকে রোববার রাত সাড়ে ১১ টার দিকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। অপহৃত ব্যবসায়ী আরিফুর রহমানকে তার পূর্ব পরিচিত কিরণ চাকমা ও দুই সহযোগী ১৬ সেপ্টেম্বর বিকেলে অপহরণ করে।

জানা গেছে, আরিফুর রহমান ওইদিন ঢাকা থেকে বাসে করে এসে ধর্মপুর বাস স্ট্যান্ডে নামা মাত্র অপহরণকারী কিরণ চাকমা তাকে মা ডাকছে বলে নিয়ে কালাপাহাড়ে চলে যায়। পরে অপহরণকারীরা আরিফুর রহমানের স্ত্রীর সাথে মোবাইলে কথা বলে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত আরিফের স্ত্রী  ১৫ লাখ টাকা দিতে রাজি হন। তবে তিনি র‌্যাবকেও ঘটনাটি জানান। 

রোববার রাতে র‌্যাব সদস্যরা কালী মন্দিরের কাছে কয়েক ঘন্টা ধরে ওৎ পেতে থাকে। এক পর্যায়ে অপহরণকারীদের আটসন্দেহভাজন সদস্যকে তারা আটক করতে সক্ষম হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে।

আটকরা হলেন কিরণ চাকমা, আলী হোসেন, কাজল চক্রবর্তী, নারায়ণ দেব, বিজন কুমার দাস, সজল কর্মকার, জনি দাস এবং মোহাম্মদ আলী।

লক্ষ্মীছড়ি থানায় এদের সোপর্দ করা হয়েছে।