রাবিতে প্রশাসন ভবন ঘেরাও
রাজশাহী বিশ্ববিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচী পালন করেছেন।
জানা গেছে, অনুষদীয় বৃত্তি, পরিবহন সমস্যার সমাধান, পর্যাপ্ত ক্লাস - সেমিনার রুমসহ সাত দফা দাবিতে কৃষি অনুষদের চারটি বিভাগের ছাত্রছাত্রীরা সকালে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়।
ফলে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রশাসন ভবন কার্যত অচল হয়ে পড়ে। এসময় শিক্ষার্থীরা প্রশাসন বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
ঘেরাও শেষে কৃষি অনুষদের আন্দোলন পরিষদ নেতৃবৃন্দ উপাচার্য প্রফেসর এম. আলতাফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। শিক্ষার্থীরা জানান, শীঘ্রই আলোচনার মাধ্যমে তাদের সাত দফা দাবির বাস্তবায়ন করা হবে বলে উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন।
আন্দোলন পরিষদের আহবায়ক সামিউল ইসলাম সম্রাট বলেন, আগামী ৩ অক্টোবরের মধ্যে প্রশাসন তাদের সাত দফা দাবি মেনে না নিলে আবারো ধর্মঘট কর্মসূচী ঘোষণা করা হবে।
