জাতীয় সংসদের চলতি অধিবেশনের মেয়াদ বাড়তে পারে
জাতীয় সংসদের চলমান ২৩ তম অধিবেশনের মেয়াদ বাড়ানো হবে কিনা সে ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা কমিটি (ব্যাক) মঙ্গলবার এক বৈঠকে বসছে।
স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ব্যাকের গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংসদের চলতি অধিবেশন আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা। এতে করে চলতি অধিবেশনের মেয়াদ চার থেকে পাঁচ কার্যদিবস বাড়তে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।
এদিকে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সোমবার বিডিনিউজকে বলেন, বিরোধী দলের দাবি বাস্তবায়নে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের জন্য সংবিধানের কোনও সংশোধনী বিল পাস করার জন্য চলতি অধিবেশনের মেয়াদ বাড়ানো হবে না।
তিনি বলেন, ব্যাকের বৈঠকে কার্যদিবসের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি অধিবেশনে ১০ টিরও বেশি বিল পাস হতে পারে বলে তিনি জানান।
সংবিধান সংশোধনের ব্যাপারে কোনও বিল আনা হবে কি নাÑ এ ব্যাপারে স্পিকার জানান, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে সংসদ সচিবালয়ের কিছুই করার নেই। এ ব্যাপারে প্রধান দুই দলকেই সিদ্ধান্ত নিতে হবে।
এক্ষেত্রে দুই দল সম্মত হলে সংবিধান সংশোধন না করেও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা যাবে বলে তিনি জানান।
চলতি অধিবেশনে পাঁচটি নতুন বিল সংসদে উত্থাপন এবং পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। বিল পাঁচটির ব্যাপারে সোমবার সংসদ সচিবালয় নোটিশ পেয়েছে।
নতুন বিলগুলো হচ্ছে: জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় বিল ২০০৬, কারমাইকেল বিশ্ববিদ্যালয় বিল ২০০৬, ইসলামি বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল ২০০৬, মাদ্রাসা শিক্ষা (সংশোধনী) বিল ২০০৬ এবং মৃতুদণ্ড দেওয়ার ক্ষেত্রে নারী কারাবন্দিদের বিশেষাধিকার সংক্রান্ত বিল।
এছাড়া এর আগের বিলগুলোর মধ্যে পাসের অপেক্ষায় আছে: আন্তর্জাতিক অর্থ সংস্থা (সংশোধনী) বিল ২০০৪, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল ২০০৪, ফৌজদারি কার্যপ্রণালী বিধি (সংশোধন) বিল ২০০৬, সরকারি কর্মচারী (পদচ্যুতি ও দোষী সাব্যস্তকরণ) বিল ২০০৬ এবং আদালত অবমাননা বিল ২০০৬।
