২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচদিন পর বিএনএস ফরিদ ও ৪৪ নাবিককে জীবিত উদ্ধার

বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ফরিদ জাহাজের ৪৪ জন নাবিককে পাঁচদিন পর রোববার সকালে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটির ক্যাপ্টেন লেফটেন্যান্ট কমাণ্ডার ফিরোজ কবির এখনও নিখোঁজ রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

মঙ্গলবার ঘুর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি হংসরাজ চ্যানেলের তিনকোনা দ্বীপের কাছে আটকা পড়েছিল।

বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা সদর দপ্তরের উচ্চপদস্থ এক কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে রোববার জানিয়েছেন, উদ্ধারকৃত নাবিকরা সুস্থ আছেন।

তিনি আরও জানান, নিখোঁজ কমান্ডারের অবস্থান জানার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।  

ফ্রিগেট, টাগবোট এবং হারকিউলিস সি - ১৩০ বিমান এবং হেলিকপ্টারসহ ১২টি নৌযানের পাঁচদিনের জোর প্রচেষ্টার পর উদ্ধার কর্মীরা নাবিকদের উদ্ধার করতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত নৌযানটিকে বাংলাদেশ নৌবাহিনীর জেটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নৌ কর্মকর্তাটি বলেন, পাঁচদিনের অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি জাহাজ ‘তল্লাশি’ ও ‘মহিবুল্লাহ’ এবং টাগবোট ‘সেবক’ বিএনএস ফরিদ জাহাজটিকে ঘিরে রেখেছিল।  উদ্ধারকারী নৌযান থেকে উদ্ধারকৃত নাবিকদের মাঝে খাবার এবং পানি সরবরাহ করা হয়েছে।

নৌ কর্মকর্তা জানান, এটিই নৌবাহিনীর নিয়ম। বাংলাদেশ নৌবাহিনীর নাবিকরা জাহাজ যোগে যাবে এবং জাহাজ ডুবে না গেলে সেটি নিয়েই ফিরে আসবে। বাংলাদেশ নৌ-বাহিনীর সকল কর্মকর্তাকে এই নিয়ম অবশ্যই মানতে হয়। এই কারণেই নাবিকরা পাঁচদিন পর ফিরে আসতে সক্ষম হয়েছে।

এর আগে গত শুক্রবার নাবিকরা বঙ্গোপসাগরে লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবিরকে উদ্ধার করার জন্য স্মরণকালের সবচেয়ে বড় অভিযানে নামে। ফিরোজ কবির মঙ্গলবারের ঘুর্ণিঝড়ের সময় নিখোঁজ হন। ওই ঝড়ে অন্ততঃ ১১০ জন মারা যান এবং শতাধিক জেলে নিখোঁজ হন।

নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল হাসান আলী এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা রোববার উদ্ধারাভিযান পরিদর্শন করেন। 

বাংলাদেশ নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, উদ্ধারকারী ১১টি নৌযানের সম্মিলিত ‘মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ’ নামে অভিযানে সাহায্য করার জন্য আরো তিনটি বড় জাহাজ সেখানে পাঠানো হয়। এছাড়া দুই শতাধিক স্থানীয় জেলেদের ছোট নৌকা উদ্ধারকারী নৌযানগুলোকে সহায়তা করে।  

এর আগে গত শুক্রবার বিএনএস ফরিদের নাবিকদের উদ্ধার এবং নিখোঁজ কমান্ডারের অবস্থান জানার জন্য ফ্রিগেট ও টাগবোটসহ ১১টি নৌযান ঘটনাস্থলে যায়।

বাংলাদেশ নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিডিনিউজডটকমকে জানান, বিএনএস ফরিদ জাহাজটির নিখোঁজ কমান্ডারকে উদ্ধারে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল।

উল্লেখ্য বিএনএস ফরিদ হিরণ পয়েন্টের কাছে আম্বরিয়া চ্যানেলের বোর পয়েন্টে মঙ্গলবার বিকেলে নোঙ্গর করে।

নৌযানটি আকরাম মংলার আকরাম পয়েন্টে নোঙ্গর করার সময় টর্নেডো আঘাত হানলে এটি হংসরাজ চ্যানেলের তিনকোনা দ্বীপের তীরে আটকা পড়ে। এ সময় নৌযানটির ইঞ্জিন এবং কন্ট্রোল রুম বন্ধ হয়ে যায়।

নৌ কর্মকর্তা জানান, ঠিক ওই মূহুর্তে একটি বিশাল স্রোত এসে জাহাজটির কমান্ডারকে ভাসিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার বঙ্গোপসাগরে আকস্মিক টর্নেডোর আঘাতে তিন শতাধিক মাছ ধরা ট্রলার ও সহস্রাধিক জেলে নিখোঁজ হন। উদ্ধারকর্মীরা শনিবার বঙ্গোপসাগরের সুন্দরবন এবং অন্যান্য উপক’লীয় অঞ্চল থেকে ৫০টিরও বেশি লাশ উদ্ধার করে।