সাতক্ষীরায় পাউবোর বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত, সহস্রাধিক গৃহহীন
পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) বাঁধ ভেঙে গত তিনদিনে জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ। প্রায় ৫০০ কাঁচা বাড়ি ধসে গৃহহীন সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছে অন্যত্র। প্রায় দেড় হাজার একর জমির আমন ফসল ও ১১ হাজার একর জুড়ে পাঁচ শতাধিক চিংড়ি ঘের ভেসে গেছে।
গৃহহীন ও পানিবন্দি মানুষ পানীয় জল ও খাদ্যের অভাবে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এদের মধ্যে কিছু মানুষ আটুনিয়া ইউনিয়নের তালবাড়িয়া স্কুল ও বুড়িগোয়ালিনি ইউনিয়নের চণ্ডিপুর স্কুলে আশ্রয় নিয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারিভাবে এ পর্যন্ত ১০০ টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়রা খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন বলে তিনি জানান।
স্থানীয় সাংসদ গাজী নজরুল ইসলাম শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নূরন্নবী চৌধুরী, খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সাতক্ষীরা বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিরাজউদ্দিন আহম্মেদ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শুক্রবার আলাদাভাবে ওই এলাকা পরিদর্শন করেছেন।
এ প্রসঙ্গে সাংসদ গাজী নজরুল জানান, ইতোমধ্যে চর এলাকার অনেক কাঁচা ঘরবাড়ি পড়ে গেছে। অনেক ঘর পড়ার উপক্রম হয়েছে। গৃহহীন ও পানিবন্দি মানুষের তালিকা করে শনিবার থেকে মাথাপিছু এক কেজি করে চাল দেওয়া হবে।
এদিকে পাউবোর প্রধান প্রকৌশলী নূরন্নবী চৌধুরী জানান, বৈরী আবহাওয়া ও অমাবস্যার কারণে আগামী এক সপ্তাহের মধ্যে বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না। তবে আগামী রোববার নাগাদ ডিজাইন হাতে পাওয়ার পর বাঁধ নির্মাণের প্রস্তুতি নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের পানখাসী এলাকায় চুনা নদীর ওপর নির্মিত পাউবির ১৮ নং স্লুইস গেটটি হঠাৎই ধসে পড়ে। ফলে স্লুইস গেট সংলগ্ন ভেরিবাঁধ ভেঙে নদীর পানি ভেতরে প্রবেশ করে। তিন দিনে প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে তৈরি ভেরিবাঁধ পানির তোড়ে ভেঙে গেছে।
ইতোমধ্যে শ্যামনগর উপজেলার শ্যামনগর সদর, বুড়িগোয়ালিনি, ঈশ্বরীপুর, আটুলিয়া, কাশিমাড়ি, মুন্সিগঞ্জ এবং কালিগঞ্জ উপজেলার মৌতলা, কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউনিয়নের ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।
নতুন করে যেসব গ্রাম প্লাবিত হয়েছে সেগুলো হলো-- ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম গুমানতলী, সদর ইউনিয়নের সুন্দরবন গুচ্ছগ্রাম, নকিপুর, দেবালয়, নোনাবিল ও শঙ্করকাটি, আটুলিয়া ইউনিয়নের চরের বিল, দক্ষিণ আটুলিয়া, কাশিমাড়ি ইউনিয়নের কাশিমাড়ি, দেওয়াল এবং কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতখালী, বালিয়াডাঙ্গা ও মৌতলা ইউনিয়নের নামাজগড়।
