২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানির জন্য বেতারের অবহেলাই দায়ী ?

আবহাওয়া সদরদপ্তর থেকে মঙ্গলবার উপকূলীয় অঞ্চলে সতর্ক সংকেত প্রচার করা সত্ত্বেও স্থানীয়ভাবে বেতারে তা সম্প্রচার করা হয়নি বলে যে অভিযোগ উঠেছে তার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন শীর্ষ স্থানীয় আবহাওয়া বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ও জরুরিভিত্তিতে বিষয়টি তদন্ত করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তাটি সময়মতো বেতার ও স্থানীয় আবহাওয়া অফিসগুলো প্রচার করলে প্রাণহানির সংখ্যা আরও কমানো যেতো।

সংশ্লিষ্টদের অভিযোগ, আবহাওয়া সদরদপ্তর থেকে মঙ্গলবার সকাল ১০টায় উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত প্রচার করা সত্ত্বেও বাংলাদেশ বেতারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়মিতভাবে তা প্রচার করেনি। মাছ ধরা ট্রলারগুলো আগাম সতর্কতা না পাওয়াতেই এতোসংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে।

আবহাওয়া সদর দপ্তরের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা শুক্রবার বিডিনিউজ২৪.কমকে বলেন, সদর দপ্তর ম্যানুয়েল অনুযায়ী ৩ নম্বর সতর্ক বার্তা প্রচার করলেও উপকূলীয় অঞ্চলে এই বার্তা যথাসময়ে ও নিয়মিত প্রচার করা হয়নি বলে তাদের কাছে তথ্য রয়েছে।

তিনি বলেন, ‘টেলিভিশন বা অয়ারলেস বার্তা নয়, বেতারই হচ্ছে উপকূলের মানুষদের কাছে যে কোন বার্তা পৌঁছে দেয়ার অন্যতম সহজ মাধ্যম। আর দুর্গম এলাকায় এখনও বেতারই আবহাওয়ার তথ্য জানার একমাত্র উপায়। অথচ বেতার এই বার্তাটি গুরুত্ব দিয়ে প্রচার করেনি।

তিনি আরো বলেন, জরুরিভিত্তিতে উচ্চ পর্যায়ের তদন্ত হলেই মূল ঘটনা বেরিয়ে আসবে।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিডিনিউজ২৪.কমকে বলেন, ‘আবহাওয়া দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় সতর্ক সংকেত বার্তা প্রচার নিয়ে যে অভিযোগ উঠেছে, আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অভিযোগগুলো তদন্ত করে দেখতে অনুরোধ করেছি।’

আবহাওয়া সদর দপ্তরের উপ পরিচালক আঞ্জুমান হাবিব জানান, মঙ্গলবার সকাল ১০ টায় প্রচারিত উপকূল অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত সংক্রান্ত একটি বুলেটিন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্র (সিপিপি), নৌ পরিবহন মন্ত্রণালয়, ত্রাণ নিয়ন্ত্রণ কেন্দ্র, অভ্যন্তরীণ পানি পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বন্যা পূর্বাভাস কেন্দ্র, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ সংশ্লিষ্ট বারটি দপ্তরে পাঠানো হয়।

তিনি জানান, ওই বুলেটিনে সুস্পষ্টভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা নৌ বন্দর অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সতর্র্ক সংকেত দেখাতে বলা হয়। এতে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নৌ বন্দরের কাছাকাছি থাকতেও পরামর্শ দেওয়া হয়।

আঞ্জুমান হাবিব বলেন, ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩ নম্বর সতর্কতা সংকেতই যথেষ্ট। পরদিনও একই বুলেটিন প্রচার করা হয়। কিন্তু এরপরও কেন এতো প্রাণহানি ঘটলো, সেটাই খতিয়ে দেখার বিষয়।

চট্টগ্রাম অঞ্চলের ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপ পরিচালক গোলাম রাব্বানী বলেন, ওইদিন বাংলাদেশ বেতারের চট্টগ্রাম আঞ্চলিক দপ্তর থেকে আবহাওয়া বুলেটিনটি দায়সারাভাবে প্রচার করা হয়েছে। এটি বুলেটিন আকারে আলাদা করে প্রতি ঘন্টায় প্রচার করা হয়নি।

বাংলাদেশ বেতারের চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের বার্তা পরিবেশক এ অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার আবহাওয়ার ওই বুলেটিন বেলা ১২ টা ১০ মিনিটের নিয়মিত সংবাদে প্রচার করা ছাড়াও চারবার প্রচার করা হয়েছে। 

একটি সূত্র জানায়, বাংলাদেশ বেতারের সদর দপ্তর থেকে বিষয়টি জানতে চেয়ে চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনার আঞ্চলিক অফিসে শুক্রবার বিশেষ ফ্যাক্স বার্তা পাঠানো হয়।

বিডিনিউজ২৪.কমের বরিশাল প্রতিনিধি জানান, মঙ্গলবারের আবহাওয়া বুলেটিনটি পটুয়াখালির দুর্গম কলাপাড়ায় পৌঁছেছে পরদিন বুধবার। কিন্তু ইলিশ মাছের ভরা মৌসুম হওয়ায় মঙ্গলবারই অর্ধ শতাধিক ট্রলার গভীর সমুদ্রে চলে যায়। এসব ট্রলারই দুঃখজনকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়।

এ বিষয়ে স্থানীয় আলিপুর রেডক্রিসেন্ট সোসাইটির দলনেতা শফিকুল আলম জানান,  আবহাওয়ার ওই ৩ নম্বর সতর্ক সংকেত তিনি একদিন পর বুধবার মোবাইল টেলিফোনে জানতে পারেন। কিন্তু ততক্ষণে ক্ষয় -- ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে।

তিনি আরও জানান, সোসাইটির উর্ধ্বতন কর্মকর্তারা ছয় মাস আগে আলিপুর, পাখিমারা, ধানখালি, নিষানবাড়িয়া, খাজুরা -- এই পাঁচটি কেন্দ্রের ওয়ারলেস সেট মেরামতের জন্য নিলেও তা এখনো ফেরত দেননি।