নিখোঁজ নৌ কর্মকর্তাকে উদ্ধারে স্মরণকালের বৃহত্তম অভিযান - //আপডেট//
মংলার হংসরাজ চ্যানেলে ঝড়ে নিখোঁজ নৌ বাহিনীর লে. কমান্ডার ফিরোজ কবীরকে উদ্ধারের জন্য স্মরণকালের বৃহত্তম উদ্ধার অভিযানে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী।
মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ (এমএআর) নামের এই অভিযানে অংশ নিচ্ছে ছোট -- বড় মিলিয়ে ১১টি জাহাজ, ফ্রিগেট ও টাগবোট।
এ ছাড়া আকাশ থেকে উত্তাল সমুদ্রে খোঁজার জন্য ঢাকা থেকে উড়ে গেছে হারকিউলিস এয়ারক্রাফট ও একটি হেলিকপ্টার।
নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা বলেন, ঝড়ের কবলে পড়া বিএনএস ফরিদ জাহাজটির নিখোঁজ নৌ কমান্ডার ফিরোজকে খোঁজার জন্য আমরা ‘অল আউট’ প্রচেষ্টা চালাচ্ছি।
নিখোঁজ ফিরোজ নিজে ভেসে যাওয়ার আগে শেষমূহুর্ত পর্যন্ত তার সহকর্মীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে গেছেন।
নৌ সদর দপ্তরের শীর্ষ ওই কর্মকর্তাটি বিডিনিউজ২৪.কমকে ভয়াবহ ওই রাতের বর্ণনা করেন।
তিনি বলেন, ‘নৌ বাহিনীর জাহাজ ফরিদ সুন্দরবনের হিরণ পয়েন্টের কাছে বোর পয়েন্টের ছোট আম্বারিয়া খালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নোঙ্গর করা ছিল। আবহাওয়া দফতর স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলছিল। সে সময় সমুদ্রও ছিল উত্তাল।
হঠাৎ করেই সন্ধ্যায় শুরু হয় প্রবল ঘূর্ণিঝড়। রাত ১০টা থেকে রাত ১ টা পর্যন্ত চলে ঝড়ের তান্ডব। পরিস্থিতি ভয়াবহ আকার নেয়ায় ওই পয়েন্টে নোঙ্গর করে রাখা অনিরাপদ ভেবে লে. কমান্ডার ফিরোজ কবীর জাহাজটি নিয়ে মংলার আকরাম পয়েন্টের দিকে রওনা দেন। সে সময় সমুদ্রে জলোচ্ছাস শুরু হয়। সঙ্গে প্রচন্ড বাতাস। প্রবল বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছিলো না।’
তিনি আরও বলেন, নাবিকদের দিক নিদের্শনা দেওয়ার জন্য কমান্ডার ফিরোজ জাহাজের সামনের দিকটায় চলে আসেন। তার পরনে ছিলো সাদা টি---শার্ট ও হাফ প্যান্ট।
এমন সময় প্রবল ঝড়ে জাহাজটি প্রায় কাত হয়ে পড়ে। একইসঙ্গে প্রকান্ড এক ঢেউ আছড়ে পড়ে জাহাজে। কেবিনে ঢুকে যায় পানি। কিছু বুঝে ওঠার আগেই ঢেউটি কমান্ডার ফিরোজকে ভাসিয়ে নিয়ে যায় উন্মাতাল সমুদ্রের বুকে।
নৌবাহিনীর উদ্ধার পাওয়া অপর সদস্যরা ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘ওই সময় পুরো পৃথিবী যেন নরকে পরিণত হয়েছিল। প্রবল বৃষ্টি, ঝড়, জলোচ্ছাস। নিকষ কালো অন্ধকার। কিছুই দেখা যাচ্ছিলো না। ফলে অধিনায়ককে উদ্ধারের কোন উপায়ই তাদের ছিলো না।
দুর্যোগের সাথে লড়ে সাহসী নাবিকরা রাত ১১টা ৪৫ মিনিটের দিকে হংসরাজ চ্যানেলের উত্তর দিকে তিনকোনা দ্বীপের চরে আটকে পড়েন। বন্ধ হয়ে যায় জাহজের ইঞ্জিন ও কন্ট্রোল রুম। যান্ত্রিক ত্র“টির কারণে মেরিটাইম ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনও বিকল হয়ে যায়। নষ্ট হয়ে যায় বিদ্যুত সরবরাহ ব্যবস্থা। ফলে বিপদগ্রস্ত নাবিকরা খুলনা নৌ দপ্তর বা ঢাকার সাথে যোগাযোগও করতে পারেননি।
রাত সোয়া ১২ টার দিকে জাহাজের নাবিকরা জরুরি ব্যাটারি দিয়ে অ্যারোনটিক্যাল ডিসট্যান্স ভিএইচএস ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিপদ সংকেত পাঠাতে থাকেন। উল্লেখ্য, এই সংকেত কেবলমাত্র আকাশযানই রিসিভ করতে পারে।
ওই দুর্যোগের সময়ই সুন্দরবনের ওপর দিয়ে কেএলএম এর ইউরোপগামী একটি ফ্লাইট উড়ে যাচ্ছিলো। ওই ফ্লাইটটি বিপদবার্তাটি রিসিভ করতে সক্ষম হয়। তারা রাত সাড়ে ১২টার দিকে ঢাকার সিভিল এভিয়েশনে দুর্ঘটনার খবরটি দিলে সেখান থেকে ব্যাপারটি রাতেই নৌ বাহিনীকে জানানো হয়।
বুধবার ভোরের আলো ফোটার প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নামে নৌ বাহিনী।
প্রথমে নৌবাহিনীর তিনটি জাহাজ ‘তল্লাশি’, ‘মহিবুল্লাহ’ ও টাগবোট ‘সেবক’ কে পাঠানো হয় ফরিদের অধিনায়ককে উদ্ধারের জন্য। সেন্টমার্টিন দ্বীপে নোঙ্গর করা শক্তিশালী একটি ফ্রিগেটকে আসতে বলা হয় জাহাজ তিনটিকে সহায়তার জন্য।
বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে সমুদ্রগামী উদ্ধার জাহাজ ‘খাদেম’কে ডাকা হয়। কিন্তু দুর্ঘটনাটি চ্যানেলের ভেতর ঘটায় গভীর সমুদ্রেই জাহাজটিকে আটকে থাকতে হয়। চট্টগ্রাম থেকে তখন আরও ২টি বড় জাহাজ, খুলনা থেকে ৪টি ছোট জাহাজ নিয়ে আসা হয়।
ঢাকা থেকে ভোরেই উড়ে যায় শক্তিশালী হারকিউলিস এয়ারক্রাফট ‘সি ১৩০’ ও অপর একটি হেলিকপ্টার। এদিকে খুলনা বেতারের মাধ্যমে বার বার প্রচার করা হয় নিখোঁজ নৌ অধিনায়কের কথা ।
স্থানীয় জেলেদের প্রায় ২০০ ছোট - বড় নৌকাকে উদ্ধার অভিযানে সহায়তার জন্যও বেতার বার্তায় অনুরোধ করা হয়। কিন্তু প্রবল জোয়ার ও ঢেউয়ের জন্য তারা বেশী দূর এগোতে পারেনি। জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও হিরণ পয়েন্টে পাইলট অফিসে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
নৌ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা জানান, নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধারের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নৌ বাহিনীর ইতিহাসে এতো বড়ো উদ্ধার অভিযান এই প্রথম।
তিনি বলেন, শুধু নিখোঁজ কর্মকর্তাই নন, ঝড়ে নিখোঁজ সাধারণ জেলেদেরও উদ্ধার করতে বলা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বঙ্গোপসাগরে টর্নেডোয় শত শত মাছ ধরা ট্রলার ডুবে যায়। এতে প্রায় দেড় সহস্রাধিক জেলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধারকারীরা প্রায় ২০০ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে তাদের সকলেই কম বেশি আহত হয়েছেন। শুক্রবার দুপুর পর্যন্ত আরও ৪২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে মোট ৮২টি লাশ উদ্ধার করা হলো।
