২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লোডশেডিং আগের সব রেকর্ড ছাড়িয়েছে

চলতি সপ্তাহে চট্টগ্রামে লোডশেডিং আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফলে শিল্পোৎপাদন স্পষ্টতই অনেক কমে গেছে। এছাড়া লোডশেডিংয়ে নগরবাসীকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বন্দরনগরী চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়লেও বিদ্যুতের উৎপাদন গত নয় বছরে এক মেগাওয়াটও বাড়েনি। স্থাপিত হয়নি নতুন কোনও বিদ্যুৎ কেন্দ্রও ।বন্দরনগরীতে স্থাপিত রপ্তানিভিত্তিক কয়েক শ’ শিল্প কারখানার উৎপাদন বিদ্যুৎ ঘাটতির কারণে নিুতম পর্যায়ে নেমে এসেছে। ফলে প্রতি দিন গড়ে ১০ কোটি টাকা লোকসান হচ্ছে বলে নির্ভরয়োগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।বিদ্যুৎ সংকটের কারণে পানি সরবরাহে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুৎ নির্ভর অন্যান্য কার্যক্রমও থেমে যাওয়ার মুখে পড়েছে।

সূত্র জানিয়েছে, দেশের বিদ্যুতের একটি বৃহৎ অংশ উৎপাদন হয় চট্টগ্রামে। স্থানীয় চাহিদা না মিটিয়ে জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ স্থানান্তরিত করায় বিদ্যুৎ সংকট প্রকট হয়ে উঠেছে।

চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে বিদ্যুতের চাহিদা প্রায় ৫০০ মেগাওয়াট। চলতি সপ্তাহে নগরীতে গড়ে প্রতিদিন লোডশেডিং ছিল ২০০ থেকে ২৪০ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার চট্টগ্রামের চারটি বিদ্যুৎ কেন্দ্রে মোট ৪৪৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় গ্রিডে। চট্টগ্রামের খুলশি এবং পাহাড়তলী এলাকায় বুধবার ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি একটি রেকর্ড।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার ফিস প্রিজারভার্স লিমিটেডের পরিচালক কামারুদ্দিন আহমেদ বলেন, দিনে আমরা ১৮ ঘণ্টা লোডশেডিংয়ে ভুগছি। আমরা আমাদের সংরক্ষিত বিদ্যুৎ দিয়েও কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে পারছি না। বিদুৎ সংকটের কারণে পণ্যের চালান বাতিল বা বিলম্বিত করতে হচ্ছে। এতে আমাদের দৈনিক ৫০ লাখ টাকা লোকসান দিতে হচ্ছে।

হিমায়িত খাদ্য রপ্তানি সমিতির সভাপতি মাকসুদুর রহমান বলেন, চট্টগ্রামে ২৮ টির মতো মৎস্য প্রক্রিয়াজাতকরণ ইউনিটে হিমায়িতকরণের যথাযথ মান ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এতে ইউনিটগুলোর মোট উৎপাদন ১০ টন থেকে দেড় টনে নেমে এসেছে। 

অব্যাহত শোডশেডিংয়ের কারণে নগরীর ২৬৪টি গার্মেন্টস কারখানা অন্ধকারেই থাকে বেশিরভাগ সময়। এ ব্যাপারে বিডিনিউজ২৪ ডটকমের সাথে আলাপকালে বিজিএমইএর সভাপতি এসএম ফজলুল হক উৎপাদন অব্যাহত রাখতে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার দাবি জানান।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের স্থানীয় চাহিদা মেটানোর পরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাঠানো উচিত বলে জানিয়েছেন।

এদিকে দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ইউসুফ চৌধুরীর নেতৃতে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন কার্যক্রম পরিষদ চট্টগ্রাম ওয়াসাকে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ১৫ দিনের সময় বেধে দিয়েছে। এছাড়া গভীর নলকূপ স্থাপনের ওপর ওয়াসার বেধে দেওয়া সারচার্জও প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

বর্তমানে চট্টগ্রাম ওয়াসা ৩ দশমিক ৫ কোটি গ্যালন পানি সরবরাহ করছে। অথচ চাহিদা ১১ কোটি গ্যালন।

চট্টগ্রামের চারটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দৈনিক গড় উৎপাদন ক্ষমতা ৭৫৬ মেগাওয়াট। এর মধ্যে রাউজানের দুটি ইউনিটের ৪২০ মেগাওয়াট, কাপ্তাইয়ের পাঁচটি ইউনিটের ২২০ মেগাওয়াট, শিকলবাহায় ৬০ মেগাওয়াট এবং বার্জ মাউন্টেড কেন্দ্রের ৫৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা রয়েছে।  ১৯৯৭ সালে দৈনিক ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সর্বশেষ রাউজান থার্মাল পাওয়ার প্লান্ট (ইউনিট-২) স্থাপন করা হয়। এর পর আর কোনও বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়নি।

এছাড়া কাপ্তাইয়ের চতুর্থ ও পঞ্চম ইউনিটের উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে আরও একটি বার্জ মাউন্টেড ইউনিট। কাপ্তাইয়ে পানির স্তর নেমে যাওয়ায় একটির উৎপাদন বন্ধ রয়েছে গত কয়েক বছর ধরে।