সারা দেশে আজও দিনভর বৃষ্টি
উত্তর--পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আজ বৃহস্পতিবার সারা দেশে দিনভর বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কক্সবাজার এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর (পুনরায়) স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর জানায়, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।
দপ্তর আরো জানায়, উত্তর--পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বুধবার অবস্থানরত মৌসুমী লঘুচাপটি উত্তর দিকে সরে গিয়ে গত রাত তিনটার দিকে পশ্চিমবঙ্গ--বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় নিুচাপ হিসাবে অবস্থান করছে। এটি আরো উত্তর--পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
এর সহযোগী বায়ুচাপের তারতম্যের আধিক্য উত্তর বঙ্গোপসাগরে বিরাজ করায় সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। সাগর মাঝারি ধরনের উত্তাল থাকতে পারে।
সকাল থেকে রাজধানী ঢাকায় অবিরাম গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। গত দুদিনের একটানা বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বৃষ্টি ছাড়া বিরোধী ১৪ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আজ সকাল থেকে রাস্তায় যানবাহন চলাচল কম ছিল । কর্মস্থলে যাওয়া ছাড়া নগরবাসী খুব কমই রাস্তায় বের হয়েছেন।
টানা বর্ষণের কারণে রাজধানীর প্রধান প্রধান সড়কে খুব একটা পানি না জমলেও অনেক জায়গায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
