কঠোর আন্দোলনে যাচ্ছে শাবির শিক্ষক-শিক্ষার্থীরা
অচল বিশ্ববিদ্যালয় সচলসহ উপাচার্য এবং তাদের ওপর হামলাকারী প্রক্টর ও শিক্ষকদের অপসারণের দাবিতে কঠোর আন্দোলনে যাচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
দাবি বাস্তবায়নে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এই আন্দোলন একই সাথে চলবে রাজধানী এবং সিলেটে।
বুধবার সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষার্থীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার মিলনায়তনে উপাচার্য, প্রক্টর ও হামলায় জড়িত অন্যান্য শিক্ষকদের অপসারনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান ধর্মঘট পালন করে।
আগামী শুক্রবার একই দাবিতে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করবে বলে জানা গেছে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও সাবেক ছাত্রছাত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকদের নিয়ে সংহতিসভার আয়োজন করবে বলে শিক্ষার্থীরা জানান।
জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের গত ৩১ আগস্ট থেকে চলে আসা আন্দোলনের প্রধান ইস্যু ছিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শামীম হত্যার বিচার। তবে গত মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রক্টরসহ উপাচার্যপন্থি কয়েকজন শিক্ষকের হামলার পর আন্দোলন অন্যদিকে মোড় নিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এখন উপাচার্য মোসলেহ উদ্দিনের অপসারণের দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছে। এতদিন শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ও ছাত্র সংগ্রাম পরিষদই উপাচার্যের অপসারণের দাবি করে এলেও সাধারণ শিক্ষার্থীরা এ ব্যাপারে ছিল নীরব। তাদের একটাই দাবি ছিল ‘বিশ্ববিদ্যালয় সচল করা।’ তবে মঙ্গলবারের ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরাও একই দাবিতে আন্দোলন কর্মসূচি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
এদিকে, সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রক্টরিয়ালবডি ও অন্যান্য শিক্ষকদের ন্যাক্কারজনক হামলায় বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকদের নেতা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. আখতারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের ওপর এ রকম মারমুখী আচরণ শিক্ষক সমাজের ভাবমূর্তিকে কলঙ্কজনক করে তুলেছে। প্রক্টর ড. সাজেদুল করিম সংঘটিত এই ঘটনার বিভ্রন্তিমূলক বর্ণনা দিয়েছিল। তিনি বলেছিলেন, ছাত্ররাই প্রক্টর ও শিক্ষকদের ওপর হামলা করেছে। তবে সংবাদপত্রের ছবি, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা প্রক্টরের নেতৃত্বে তাঁর ও তাঁর সহযোগিদের এ জাতীয় অপকর্ম ও অসদাচরনের দায় কোন ভাবেই বহন করবো না।’
বিবৃতিতে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে উপাচার্য পদে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয় সচল করার জন্য সরকারের নিকট শিক্ষকরা জোর দাবি জানান।
