২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পরিস্থিতি শান্ত: দৈনিক ১৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি - ২ ভাংচুরের ঘটনায় স্থানীয় প্রশাসন ও গ্রাহকদের মধ্যে এক সমঝোতা সভায় দৈনিক ১৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফিরোজ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের পক্ষ থেকে নরসিংদীর লোকজনের ২০ ঘন্টা বিদ্যুত সরবরাহের দাবির মুখে দৈনিক ১৮ ঘন্টা বিদ্যুত সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন নরসিংদী - ১ সদর আসনের সাংসদ খায়রুল কবির খোকন, সংরক্ষিত আসনের সাংসদ রোকেয়া আহমেদ লাকী, পুলিশ সুপার মীর রেজাউল আলম, নরসিংদী পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আ. রাজ্জাক খাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন ইরান, নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মো. রহমান মিয়া।

সভায় খায়রুল কবির খোকন এমপি বলেন, বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতার কারণে কানসাটের মতো ঘটনা ঘটেছে। ২৪ ঘন্টার মধ্যে যদি ২২ ঘন্টা বিদ্যুৎ না থাকে তবে সরকারের পক্ষ না নিয়ে জনগণের আন্দোলনের সাথেই আমি থাকব। পৌর চেয়ারম্যান আলহাজ লোকমান হোসেন বলেন, বস্ত্র খাতে দেশের চাহিদার ৯০ ভাগ কাপড় উৎপাদন হয় নরসিংদী জেলায়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকার ব্যর্থ হওয়ায় জেলার শিল্প মালিক  ও শ্রমিকরা আজ পথে বসতে বাধ্য হচ্ছে।  জেলা প্রশাসক সভায় পল্লী বিদ্যুত সমিতির আব্দুর রাজ্জাক খানকে কত ঘন্টা বিদ্যুত দিতে পারবেন জিজ্ঞাসা করলে তিনি এর উত্তরে বলেন, ১৮ ঘন্টা বিদ্যুত সরবরাহ করার জন্য তিনি এলডিসির কাছে চিঠি পাঠাবেন।

প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে এলাকার শ্রমিক জনতা নরসিংদী পর্যন্ত বিদ্যুৎ সমিতি - ২ এর কার্যালয় ঘেরাও ও ভাংচুর করে। বিক্ষুব্ধ শ্রমিক জনতা চারটি ট্রান্সফরমার, সাতটি মোটর সাইকেল, কম্পিউটার, সাইনবোর্ড বাইসাইকেল আসবাবপত্র ভাংচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে ও গুলি চালায়।  এতে কামাল (৩৫) ও রাজু (১৫) গুলিবিদ্ধ হয়। এ সময় এলোপাতাড়ি পিটুনীতে ও বিক্ষুদ্ধ জনতার ইট পাটকেলে ১০ পুলিশ ও দমকল বাহিনীর ২ সদস্যসহ কমপক্ষে ৫০জন আহত হয়।

এ ঘটনায় ২ হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে নরসিংদী সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। বিক্ষুদ্ধ শ্রমিক জনতার হামলায় প্রায় এক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে পল্লী বিদ্যুৎ সূত্র জানায়।

অপরদিকে পুলিশের গুলিতে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কামালের অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।