ছুরিকাঘাতে কুমিল্লায় দারোগা খুন
কুমিল্লা কোতয়ালী থানার দারোগা মো. শাহজাহান মঙ্গলবার রাতে খুন হয়েছেন। একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়ায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি ভাড়া করা মাইক্রোবাসে আরো কয়েক যাত্রীর সাথে শাহজাহান কুমিল্লায় ফিরছিলেন। পুটিয়ায় আসার পর যাত্রীবেশে থাকা সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে রাত সাড়ে ৯টার দিকে তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে সন্ত্রাসীরা মাইক্রোবাস নিয়ে ঢাকার দিকে ফিরে যায়। স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত শাহজাহান চাঁদপুর জেলার শ্রীরামপুর গ্রামের আবদুল কুদ্দুছ খানের ছেলে। তিনি ১৯৭৮ সালের ২০ এপ্রিল পুলিশ কনস্টেবল পদে চাকুরীতে যোগ দেন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা পুলিশ লাইন জামে মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
