২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে শতাধিক ট্রলার ও জাহাজডুবি, নৌ কর্মকর্তাসহ শতাধিক জেলের মৃত্যুর আশংকা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তিন শতাধিক ট্রলারডুবির ঘটনায় শতাধিক জেলের মৃত্যুর আশংকা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ঝড়ের কবলে পড়ে নৌবাহিনীর বিএনএস শহীদ ফরিদ নামের একটি জাহাজও উল্টে যায়। জাহাজটির ৪৪ জন নৌ সদস্য নিরাপদে উদ্ধার হলেও এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির এখনও নিখোঁজ রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উপকূলরক্ষী এবং বনবিভাগ ছয়টি লাশ উদ্ধার করেছে।

এরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার টেংরা গ্রামের হাতেম আলী (৫৫), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৌডুবির কবির (৩৫), আব্দুর রাজ্জাক (৪৪)। অপর তিনজনকে সনাক্ত করা যায়নি।

নিখোঁজ জেলেদের মধ্যে কমপক্ষে ২৬৫ জনের মৃত্যু হয়েছে বলে বেঁচে যাওয়া জেলে ও মৎস্য মালিক সমিতির লোকজন আশংকা করছেন।

দুবলার চর, কচিখালি, নারকেলবাড়িয়া এবং বলেশ্বরসহ কয়েকটি এলাকায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের অধিকাংশের বাড়ী বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলাসহ বিভিন্ন এলাকায়।

জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড সদস্যরা। তবে সাগর প্রচন্ড উত্তাল থাকায় উদ্ধার অভিযান মারাত্মক ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

বাগেরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে সাগর অশান্ত হয়ে উঠলে বঙ্গোপসাগরের আকরাম পয়েন্টের কাছে ঝড়ের কবলে পড়ে খুলনা নৌবাহিনীর বিএনএস শহীদ ফরিদ নামের একটি জাহাজ আংশিক উল্টে যায়। এ ঘটনার পর থেকে জাহাজের কমান্ডিং অফিসার ফিরোজ কবির নিঁেখাজ রয়েছেন।

জাহাজটিতে আটকে পড়া ৪৪ জন নৌ সদস্যকে উদ্ধার করা হলেও তার কোনো হদিস মেলেনি। তাকে  উদ্ধার করতে নৌ বাহিনী বুধবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া হেলিকপ্টার ও মংলা বন্দরের নৌযানসমূহ এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার বদরুদ্দোজা চৌধুরী।

বরগুনা প্রতিনিধি জানান, ট্রলারডুবির ঘটনায় ফিরে আসা জেলেদের তথ্য মতে ২৬৫ জন জেলের নিশ্চিত মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুবলার চর থেকে ফিরে আসা জেলেরা অর্ধ শতাধিক লাশ ভাসতে দেখেছে বলে জানিয়েছে। পাথরঘাটার বিএফডিসিতে ফিরে আসা জেলেদের জন্য লঙ্গরখানা খোলা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক কাজী ওবায়দুর রহমান জানান, জরুরি ভিত্তিতে পাথরঘাটায় ১০ মেট্রিক টন চাল, ১০০ লুঙ্গি, ২৫ হাজার টাকা পাঠানো হয়েছে।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঘটনাস্থল থেকে ফিরে এসে জানান, মঙ্গলবার ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রচন্ড ঘূর্ণিঝড়ে ছয় শতাধিক জেলেসহ শতাধিক ট্রলার নিখোঁজ হয়। ভাসমান অবস্থায় উদ্ধার করা ৩৩ জনকে মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা জানান, তারা ২৪ ঘন্টারও বেশী সময় ধরে সাগরে ভাসছিলেন। স্থানীয় বাসিন্দা, নিখোঁজ জেলের পরিবার এবং মৎস্য ও ট্রলার মালিক সমিতির সদস্যরা নিজেদের উদ্যোগে বিভিন্ন ট্রলারে করে গিয়ে তাদের উদ্ধার করে। আরও অসংখ্য জেলেকে তারা সাগরে ভাসতে দেখেছেন।

নিখোঁজ জেলেদের পরিবার এবং ফিরে আসা জেলেরা বলেছেন, খুব শিগগিরই ভাসমান জেলেদের উদ্ধার করা না গেলে মৃতের সংখ্যা আরও বেড়ে যাবে। প্রতিক’ল আবহাওয়ায় আর খাবারের অভাবে তারা বেশীক্ষণ আর ভেসে থাকতে পারবে না।

স্থানীয় আড়তদার আব্দুল মালিক কান্নায় ভেঙ্গে পড়ে জানান, ঝড়ে তার একারই চারটি ট্রলার ডুবে গেছে। তার মতো অনেক ব্যবসায়ী এ ঘটনায় সর্বস্বান্ত হয়েছেন। তার মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

বঙ্গোপসাগরের তীরে নিখোঁজ জেলেদের স্বজনরা উৎকণ্ঠা আর আগ্রহে ভীড় করেছে। বয়োজ্যেষ্ঠ কয়েকজন জানান, গত তিন দশকেও এমন ঝড় হয়নি সাগরে।