পাল্টে গেছে পাবনার শিক্ষা ব্যবস্থার চিত্র
পাবনা জেলার নয়টি উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষা ব্যবস্থার চিত্র গত কয়েক বছরে পাল্টে গেছে। ওইসব এলাকার ভূমিহীন, আদিবাসী ও প্রান্তিক কৃষক পরিবারগুলোতে দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এসব পারিবারের সোয়া লাখ শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ে লেখাপড়া করছে।
বেসরকারি উন্নয়ন সংগঠন সমতার এক সাম্প্রতিক জরিপের ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।
ওই জরিপের ফলাফল থেকে জানা যায়, ওইসব এলাকায় ভূমিহীন পরিবারের সংখ্যা প্রায় আড়াই লাখ। এসব পরিবারের এক লাখ ২৫ হাজার ৭৪০ জন শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন পর্যায়ে লেখাপড়া করছে। তাদের মধ্যে ৬৫ হাজার ১৭৪ জন ছেলে ও ৬০ হাজার ৫৭১ জন মেয়ে।
সমতার নির্বাহী পরিচালক আব্দুল কাদের বিডিনিউজকে জানান, নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্যেও ভূমিহীন পরিবারগুলোতে শিক্ষার হার বাড়ছে। তারা আগের চেয়ে বেশি সচেতন হচ্ছে এবং শিক্ষার দিকে ঝুঁকছে।
তিনি আরো জানান, ভূমিহীন পরিবার থেকে চলতি বছর ৫/৬ জন শিক্ষার্থী জিপিএ--৫ পেয়েছে।
এসব পরিবারের ২০৩ জন শিক্ষার্থী প্রাথমিক ও জুনিয়র বৃত্তিও লাভ করেছে।
