পাবনা ও চরফ্যাশনে ধর্ষণের পর স্কুল ছাত্রীসহ দুজনকে হত্যা
পাবনা এবং ভোলা জেলার চরফ্যাশনে দুর্বৃত্তরা ধর্ষণ শেষে হত্যা করেছে এক তরুণী ও এক স্কুল ছাত্রীকে। পাবনায় তরুণীকে হত্যার পর দুর্বৃত্তরা তার শরীরে এসিড ঢেলে ঝলসে দেয়।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
পাবনা: পাবনায় হটরা গ্রামে অজ্ঞাত এক তরুণীকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, এরপর তাকে তারা হত্যা করে মুখসহ সারা শরীর এসিড দিয়ে ঝলসে দিয়েছে।
পুলিশ মঙ্গলবার সকালে ইশ্বরদী উপজেলার হটরা গ্রামের একটি ক্ষেত থেকে তার বিকৃত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তরুণীকে কেউ যাতে চিনতে না পারে সেজন্য এসিড দিয়ে মুখসহ সমস্ত শরীর ঝলসে দেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরের মোহম্মদপুরের মানিক মিয়ার মেয়ে আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী শাহনাজকে (১১) দুর্বৃত্তরা ধর্ষণ শেষে হত্যা করেছে।
মঙ্গলবার সকালে চরফ্যাশন থানা পুলিশ খায়েরবাগ থেকে শাহনাজের লাশ উদ্ধার করে।
নিহতের পিতা মানিক মিয়া বলেন, গত ১৭ সেপ্টেম্বর বিকালে পানি আনতে গিয়ে শাহনাজ নিখোঁজ হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
