রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে তান্ডবের ঘটনায় ছাত্রদলের ৩৫ ক্যাডারের নামে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ছাত্রী হলে ছাত্রদল ক্যাডারদের ব্যাপক তান্ডবের ঘটনায় সোমবার রাতে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঠিকাদার আসাদুজ্জামান ছাত্রদল ক্যাডার আশিক ইকবাল রোমেলকে প্রধান আসামী করে ছাত্রদলের ৩০/৩৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। দ্বিতীয় দফায় নির্মাণ কাজ বন্ধ থাকার পর মঙ্গলবার পুলিশ পাহারায় পুনরায় কাজ শুরু হয়েছে। ঠিকাদার আসাদুজ্জামান অভিযোগ করেন, মামলা করার পর ছাত্রদল ক্যাডাররা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত ছাত্রদল ক্যাডারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি।
তান্ডবের ঘটনার সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান সরকার লিখন।
তিনি বলেন, যারা হলে তান্ডব চালিয়েছে তাদের মধ্যে ছাত্রদলের যারা ছিল সকলেই বহিস্কৃত। ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। ছাত্রদল সভাপতি তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, হলে ভাংচুর, মারামারি, চাঁদাবাজী ও এর ক্ষতিপুরণ দাবি করে ঠিকাদার আসাদুজ্জামান বাদী হয়ে ১৪৩, ১৪৮, ৩২৩, ৩৮৭, ৪২৭ ও ৪৪৭ ধারায় নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মতিহার থানার ওসি রমজান আলী জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে ।
প্রসঙ্গত ২০ হাজার টাকা চাঁদার দাবিতে রাবি ছাত্রদলের ক্যাডাররা বৃহস্পতিবার থেকে পঞ্চম ছাত্রী হলের নির্মাণ ঠিকাদারকে নানা হুমকি দিয়ে আসছিল। শুক্রবার তারা এর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। চাঁদা না দিয়ে আবারও কাজ শুরু করলে ছাত্রদলের ক্যাডাররা সোমবার ব্যাপক তান্ডব চালায়। এ সময় ছাত্রদল ক্যাডাররা নির্মাণ শ্রমিকদের হুমকি দিয়ে যায়, এরপরও কাজ করতে এলে তাদের কেটে সামনের পুকুরে ভাসিয়ে দেয়া হবে। এ সময় ছাত্রদল ক্যাডাররা হলের আসবাবপত্র এবং নির্মাণ সামগ্রী ভাংচুর ও তছনছ করে এবং হল গেটে তালা ঝুলিয়ে দেয়।
