রাবিতে ২ দিনব্যাপী কোটেশন প্রদর্শনী শেষ হচ্ছে আজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া দুদিনব্যাপী ‘শিক্ষা বিষয়ক’ কোটেশন প্রদর্শনী আজ মঙ্গলবার শেষ হচ্ছে।
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে সোমবার এ প্রদর্শনী শুরু হয়।
সোমবার সকালে রাবি বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদি প্রদর্শনী উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাংকের পরামর্শে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিমক) উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণের লক্ষে ২০ বছর মেয়াদী যে কৌশলপত্র তৈরি করেছে তা মূলত উচ্চশিক্ষাকে ধ্বংস করারই একটি চক্রান্ত।
রাবি শাখা ছাত্র ফ্রন্ট সভাপতি সুশান্ত সিনহা বিডিনিউজকে জানান, একটি সার্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার ও একই পদ্ধতির শিক্ষানীতির ব্যাপারে ছাত্র সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে ছাত্রফ্রন্ট এসব দাবি বাস্তবায়নে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।
