২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিনেতা আবু জাফরের গ্রামের বাড়িতে তালা

জঙ্গি নেতা মুফতি হান্নানের আধ্যাত্মিক গুরু মাওলানা আবু সাঈদ ওরফে আবু জাফরকে গ্রেপ্তারের পর তার মা - বাবাসহ আত্মীয় স্বজনরা সবাই পালিয়ে গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

গ্রেপ্তারকৃত আবু জাফর ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলাসহ বোমা হামলার মোস্ট ওয়ানটেড আসামী। তার ময়মনসিংহের গফরগাঁওয়ের লক্ষণপুরের গ্রামের বাড়িতে এখন তালা ঝুলছে। তার প্রতিষ্ঠিত লক্ষণপুর নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র - শিক্ষকরাও আত্মগোপন করেছে।

স্থানীয় লোকজন জানান, মাওলানা আবু জাফর এলাকায় ‘বাচ্চু মৌলভী’ নামে পরিচিত। লক্ষণপুর গ্রামের মৌলভী আব্দুল হাই এর তিন ছেলের মধ্যে আবু জাফর সবার বড়। তিনি ঢাকার যাত্রাবাড়ি, জামালপুরের ইসলামপুর মাদ্রাসা ও ভারতের দেওবন্ধ মাদ্রাসায় এবং ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত পাকিস্তানের হাফিজ বিন নূরানী মাদ্রাসায় পড়াশোনা করেন।

১৯৯৯ সালে মাওলানা আবু সাঈদ তার গফরগাঁওয়ের গ্রামের বাড়ি লক্ষণপুরে প্রতিষ্ঠা করেন নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা।

স্থানীয়রা জানান, এ মাদ্রাসায় সব সময় অন্য জায়গা থেকে এনে শিক্ষক নিয়োগ দেয়া হত। বছরে ৫/৬ বার শিক্ষক বদল করা হতো। এছাড়া মাদ্রাসায় কোরআন শিক্ষার অন্তরালে জঙ্গি প্রশিক্ষণও চলতো। যাদের সাথে তার সম্পর্ক ছিল তারা এখন গা - ঢাকা দিয়েছে বলে জানা গেছে। পুরো গ্রামেই এখন আতঙ্ক বিরাজ করছে। 

কোটালিপাড়ায় শেখ হাসিনার জনসভায় বোমা পুঁতে রাখার ঘটনার পর থেকে পুলিশ আবু সাঈদের বাড়িতে হানা দিলেও তাকে ধরতে পারেনি। এরপর গত বছর ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলার পর থেকে তার গ্রামের বাড়িতে গোয়েন্দা নজরদারি জোরদার করাসহ তাকে ধরার জন্যও বেশ কয়েকবার অভিযান চালায় পুলিশ।

জানা যায়, আবু জাফর মুফতি আমিনী এমপির ভায়রার ছেলে আব্দুর রহমানের সঙ্গে আফগানিস্তানে যুদ্ধে অংশ নেন। আফগানিস্তান থেকে ফিরে আবু জাফর ২০০১ সালে ঢাকার মোহাম্মদপুরে একটি নূরানী মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন।

আবু জাফরের মা আমেনা খাতুন জানান, গ্রেপ্তারের ১০ দিন আগেও আবু জাফর একবার বাড়িতে এসেছিলেন। তার বাবা আব্দুল হাই জানান, আবু জাফর বাংলাদেশ তালিমুল কোরআন বোর্ডের একজন পরিচালক। চাচা জালাল উদ্দিন জানান, আবু জাফর দোষী হয়ে থাকলে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। 

প্রসঙ্গত জঙ্গি নেতা আবু জাফরকে গত ১১ সেপ্টেম্বর ঢাকার উত্তরার একটি মাদ্রাসা থেকে র‌্যাব গ্রেপ্তার করে। তাকে সিলেটে সংগঠিত বোমা হামলা মামলায় ১০ দিনের রিমাণ্ডে নিয়ে ঢাকার টিআইএফ সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।