২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা হবিগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত অর্ধশত

ঢাকা, হবিগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 02:15 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহতদের মধ্যে ঢাকার হলিফ্যামিলি হাসপাতালের চিকিৎসক রুমানা রশীদ রয়েছেন।

সোমবার রাত ২ টার দিকে ঢাকার আমিনবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন ডা. রুমানা রশীদ।

নিহতের ভাই জানান, ডা. রুমানা রশীদের প্রাইভেট কার উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৪ টার দিকে কর্ত্যব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন নিহতের সঙ্গী শেখ রুবেল ।

ডা. রুমানা ধানমন্ডি আবাসিক এলাকার ২৪ নং রোডের ১২ নং বাড়িতে বসবাস করতেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

আহত শেখ রুবেলকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গুলশান-২ এর ৬৩ নং রোডের ৩৪ নং বাড়ির বাসিন্দা।

হবিগঞ্জ থেকে বিডনিউজ২৪.কম প্রতিনিধি জানান, ঢাকা - সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাস ফিল্ডের সামনে বেলা সাড়ে ১১টার দিকে দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। হাসপাতালে নেয়ার পর আরও চারজন মারা যান। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা জায়নি।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়া থেকে শেরপুরগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস (ঢাকা - মেট্রো - ন - ১৪ - ১৩২১) যমুনা সেতু - এলেঙ্গা - মধুপুর সড়কের আঠারদানায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই বরের চাচা আব্দুর রহমান (৬৫), অপর চাচা আব্দুল আজিজ (৫০), তার ছেলে মফিজ  (১৫), অপর চাচা মওলানা আফসার আলী (৪৫), তার ছেলে মোস্তফা (১২) এবং বরের বন্ধু আব্দুল মজিদ (২৫) মারা যান।

দুর্ঘটনায় বর রেজাউল করিম প্রাণে বেঁচে গেলেও পাগলের মতোন প্রলাপ বকছেন। তার বড় ভাই আব্দুর রশিদ জানান, সোমবার ভোর ৬টায় পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রাম থেকে মাইক্রোবাসে করে শেরপুর যাচ্ছিলেন। একটি ট্রাককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ড্রাইভারসহ ১৩জন যাত্রীর মধ্যে সাতজন বের হতে পারলেও ছয়জন ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আহত ইমনকে (১০) কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।