২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবন ও ব্যাংক ভাংচুর

বিদ্যুতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রোববার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, প্রশাসন ভবন ও অগ্রণী ব্যাংক কার্যালয়ে ব্যাপক ভাংচুর করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা--রাজশাহী মহাসড়ক অবরোধ করে সেখানে একটি ফটক ও বিলবোর্ডে অগ্নি সংযোগ করে।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এরমধ্যে রোববার দিনে প্রায় ১৫ দফা লোডশেডিং এবং সন্ধ্যার পর রাত সাড়ে ১১ টা পর্যন্ত চার দফা লোডশেডিং হলে শিক্ষার্থীরা আরো ক্ষুদ্ধ হয়ে উঠে।

এ পরিস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সমস্যার প্রতিকার দাবি করে। কিন্তু দীর্ঘ সময়েও উপাচার্য অধ্যাপক ড. আলতাফ হোসেন শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য বাইরে না আসায় শিক্ষার্থীরা আরো ক্ষুদ্ধ হয়ে উঠে।

একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ফটক ভাংচুর করে এবং সেখানে থাকা একটি পোস্টবক্স তুলে ফেলে উপাচার্য বিরোধী শ্লোগান দেয়। পুলিশ শিক্ষার্থীদের বাধা দিলে তারা বিক্ষোভ মিছিলসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়ে ঢাকা--রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা একটি মাজারের অস্থায়ী ফটক ও একটি বিলবোর্ডে অগ্নিসংযোগ করে। পরে সেখানে র‌্যাব ও পুলিশ তাদের বাধা দিলে শিক্ষার্থীরা মিছিলসহ প্রশাসন ভবন--২ এবং অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখায় গিয়ে ব্যাপক ভাংচুর চালায়। ভাংচুর শেষে রাত একটার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবদুর রহিম বলেন, সমস্যাটি আমাদের নয়, কারণ আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সরবরাহ না পাওয়ার ফলে ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ দিতে পারছি না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক বলেন, এখানে আমাদের কোন ত্র“টি নেই, কিন্তু এর পরও শিক্ষার্থীদের এ ধরনের আচরণ দুঃখজনক।

অপরদিকে উপাচার্য অধ্যাপক ড. আলতাফ হোসেন আক্ষেপ প্রকাশ করে প্রশ্ন করেন, সবকিছুই কেন আমার কাছে চাইতে হবে?