কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা বিল পাস হলো সংসদে
সর্বোচ্চ তিন বছর কারাদন্ড এবং অনুর্ধ্ব দুই লাখ টাকার জরিমানার বিধান রেখে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা বিল সংসদে পাস হয়েছে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীসহ অন্যান্য বিরোধী দলের সদস্যদের তীব্র আপত্তির মুখে রোববার সংসদে বিল পাস করা হয়।
তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বিলটি পাসের জন্য উত্থাপন করলে বিরোধী দলের সদস্যরা এর বিভিন্ন দিক ও দফার সমালোচনা করে বক্তব্য রাখেন। তারা বলেন, এটি একটি বিরোধী আইনে পরিণত হয়েছে। গুরুত্বপুর্ণ এই আইনটির বিধানে সরকার দলীয় চ্যানেল মালিকদের স্বার্থ রক্ষা করা হয়েছে। এতে জনগণের স্বার্থ রক্ষা করা হয়নি। বিরোধী সদস্যরা জোট সরকারের বিরুদ্ধে একুশে টিভি সম্প্রচার বন্ধ এবং নিজ দলের মন্ত্রী ও সাংসদদের চ্যানেলের অনুমতি দেওয়ার সমালোচনা করেন। তারা বলেন, সরকার গণবিরোধী এই আইন করে দলীয় মিডিয়ার একটি সিন্ডিকেট তৈরির চেষ্টা করছে।
আলোচনা শেষে স্পিকার বিলটি দফা ওয়ারী কণ্ঠভোটে দিলে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটি পাস হয়।
বিলের ওপর আপত্তি জানিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের অ্যাডভোকেট রহমত আলী, আযম জাহাঙ্গীর হোসাইন শেখ ফজলুল করিম সেলিম, কর্ণেল (অব.) কাদের খান, শাহজাহান খান, জাতীয় পার্টির সফিউর রহমান রাঙ্গা ও গোলাম হাবিব দুলাল।
আইনটিতে যে কোন স্থানে যে কোন সময় জনস্বার্থে যে কোন কেবল টিভি নেটওয়ার্কের কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। এই আইনের আওতায় বিদেশ থেকে সম্প্রচারিত কোন চ্যানেলের জন্য এদেশে ডাউন লিংক, বিপনন, সম্প্রচার বা সঞ্চালনের ক্ষমতা সংরক্ষিত করা হয়েছে। আইনটি বাস্তবায়নের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন হবে এবং পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়াও সংসদে ‘দি ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল, ২০০৬’ পাস হয়েছে।
