২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নারায়ণগঞ্জের পাগলা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর এবং মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নারায়ণগঞ্জ: ঢাকা - নারায়ণগঞ্জ সড়কের পাগলা বাজার এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত হয় স্কুল ছাত্র জসিম (১১)। রোববার দুপুর দেড়টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম পাগলা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

উত্তেজিত জনতা আটক করে ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। পুলিশ জসিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাগেরহাট: বাগেরহাট - খুলনা মহাসড়কের খানজাহান আলী কলেজের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী এক মহিলা নিহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক পরিবহনের একটি বাস পথচারী এই মহিলাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি ও শিবচর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বেলা ৩ টায় মাদারীপুর কালকিনি রুটে এনায়েতনগরে মাদারীপুরগামী একটি লোকাল বাসের সুপারভাইজারের লাথিতে বাসের হেলপার চান্দু বাস থেকে পড়ে যায়। সাথে সাথেই সে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। নিহতের বাড়ি সদর থানার আমড়াতলা গ্রামে। পুলিশ বাসের চালক বাদশাসহ বাসটি আটক করেছে। এছাড়া শিবচর উপজেলার পাচ্চর নামক স্থানে শনিবার সন্ধ্যায় ট্রাকের চাপায় মাসুদ নামের এক যুবক নিহত হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার যশোর - সাতক্ষীরা সড়কের বেতলা মোড়ে রোববার বিকালে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহীবাস সাতক্ষীরা সদর উপজেলার বেতলায় অপর একটি যাত্রীবাহী বেবিট্যাক্সিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বেবিট্যাক্সির যাত্রী সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মগফুর রহমান (৩০) ও আগরদাড়ী গ্রামের নিমাইচন্দ্র নাগ (৬৩) নিহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বাসের ড্রাইভার ও হেলপার পালিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।

যশোর: যশোর - নড়াইল সড়কের ধলগাঁর রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে অপর একটি বাস ধাক্কা দিলে সামনের বাসের হেলপার আজাদ গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটির চালককে আটকে রাখে এবং যশোর-নড়াইল, খুলনা - নড়াইল, নওয়াপাড়া - নড়াইল রোডের সকল যানবাহন আটকে দেয়। বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েও উত্তেজিত জনতাকে শান্ত করতে পারেনি। সড়কটির দুপাশে শত শত গাড়ির লাইন পড়ে যায়।

অপর দুর্ঘটনাটি ঘটেছে যশোর - মাগুড়া সড়কের সাদিপুর নামক স্থানে। দুপুরে যশোরমুখী সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় বিপরীতমুখী সবজি বোঝাই একটি পিকআপ ভ্যানের ১৩ যাত্রী মারাত্মক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যান।