কলারোয়ায় নিহত সাংবাদিক বেল্লালের লাশ দাফন, বিএনপি নেতা গ্রেপ্তার
জেলার কলারোয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত স্থানীয় সাংবাদিক বেল্লাল দফাদারকে শুক্রবার রাত দুইটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অপরদিকে নিহত বেল্লালের ভাই ইউপি সদস্য আইনাল দফাদার বাদি হয়ে জামাত ও বিএনপির স্থানীয় ১৩ নেতা--কর্মী ও আজ্ঞাত অপর ৩ জনকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা করেছেন। আসামিদের মধ্যে হেলাতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার আসামিরা হলো উপজেলার হেলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামাত নেতা আবু তালেব সর্দার, হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এবং বিএনপি কর্মী জহুরুল ইসলাম, মমতাজ আলী, খোকা, আব্দুল কাদের, মোসলেম আলী, মজনু, আব্দুল হামিদ ও রঘুনাথপুর গ্রামের রফিকুল ইসলামসহ আজ্ঞাত অপর তিন ব্যাক্তি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মিয়া মামলা দায়ের এবং আসামিদের মধ্যে হেলাতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেন।
এদিকে নিহত সাংবাদিক বেল্লালের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে কলারোয়া উপজেলা রিপোটার্স ইউনিয়ন ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার কলারোয়া উপজেলা সদরে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কাজীরহাট থেকে বাড়ী ফেরার পথে পিছলাপুরে স্বশস্ত্র সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে সাংবাদিক বেল্লালকে গুরুতর আহত করে। ঘটনার পর প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি এবং পরে তাকে খুলনা ২৫০ শয্যার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটায় তার মৃত্যু হয়। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক জনবানী পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।
