গোসল করতে নেমে সমুদ্রে ভেসে গেছে প্রধান বন সংরক্ষকের ২ ছেলে
মাত্র এক সপ্তাহের ব্যাবধানে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বৃহস্পতিবার দুপুরে সমুদ্রের লাবনী পয়েন্টে প্রবল স্রোতের টানে ভেসে গেছে আরো দুই ভাই।
এরা হলো বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) ইখলিল মন্ডলের ছেলে আফরার আহমদ সাদ (১৮) ও আফিফ আহমদ (১৪)। ঘটনার সময় তাদের সাথে বড় বোনও ভেসে যান। তবে বোনকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও দুই ভাইকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে গত ৮ দিনে ৫ জনের সলিল সমাধি হলো।
কক্সবাজার বন বিভাগ ও হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল সূত্র জানায়, ইখলিল মন্ডলের দুই ছেলে আফরার আহমদ সাদ ও আফিফ আহমদ এবং তাদের বোন বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। তারা স্থানীয় হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে উঠেন। পরে বেলা ১১টার দিকে তারা সমুদ্রে গোসল করতে নামেন। তখন সাগরে ভাটার টান থাকায় প্রবল স্রোতের টানে ইখলিল মন্ডলের দুই ছেলে ও মেয়ে সমুদ্রে ভেসে যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালান। তবে বোনকে ছাড়া আর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। সমুদ্র সৈকতে কর্মরত ইয়াছির লাইফ গার্ডের সদস্যরাও তাদের উদ্ধারের চেষ্টা চালান।
আফরার আহমদ সাদ রাজধানীর একটি কলেজ এবং আফিফ আহমদ একটি স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
এ ব্যাপারে ইয়াসির লাইফ গার্ডের সমন্বয়কারী মোস্তফা কামাল বিডিনিউজকে বলেন, ভেসে যাওয়ার সাথে সাথে ইয়াসির লাইফ গার্ডের সদস্যরা তাদের উদ্ধারের চেষ্টা চালান।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উদ্দিন বলেন, ভেসে যাওয়া দুই ভাইকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। ইয়াসির লাইফ গার্ড ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
