সাভারে বখাটেদের অত্যাচারে স্কুল ছাত্রীর আত্মহত্যা, থানা ঘেরাও
সাভারে বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনায় সহপাঠী স্কুল ছাত্রীরা, শিক্ষক- শিক্ষিকা ও মহিলা পরিষদের নেত্রীরা থানা ঘেরাও, দফায়-দফায় বিক্ষোভ মিছিল ও স্বারক-লিপি প্রদান করেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডের জামসিং এলাকার জয়পাড়া মহল্লার ট্রাক চালক পান্না মিয়ার মেয়ে রুমানা পারভীন তিথি (১৭) সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে পড়তো। স্কুলে যাওয়া আসার পথে বখাটে ছেলে এক সন্তানের জনক মামুন (২৩) ও শহর আলী (২৪) তিথিকে উত্যক্ত করতো। গত শুক্রবার বখাটেরা বাসার সামনে তিথিকে টেনে হিঁচড়ে জামা - কাপড় ছিঁড়ে ফেলে এবং বেধড়ক মারধর করে। তিথি ও তার মা রেহেনা বেগম সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা খানমকে বিষয়টি জানান। পরে প্রধান শিক্ষিকা উপজেলা মহিলা পরিষদের নেত্রীদের জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার তিথি স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বাড়ির কাছে জয়পাড়া মোড়ে মামুন ও শহর আলী তিথির ওড়না ধরে টানাটানি করে। এক পর্যায়ে তারা তিথির শরীরে থু থু নিক্ষেপ করে। কিন্তু সে বিষয়টি কাউকে জানায়নি এবং বুধবার ভোরে বাড়ির উঠোনে কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
তিথির আত্মহত্যার খবর সাভারে ছড়িয়ে পড়লে তার স্কুলের শত শত ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও উপজেলা মহিলা পরিষদের নেত্রীবৃন্দ বিক্ষোভে ফেটে পড়ে। তারা স্কুল থেকে একটি মিছিল নিয়ে সাভার থানা ঘেরাও করে।
থানা চত্ত্বরে তিথিকে আত্মহত্যায় প্ররোচনাকারী বখাটেদের বিচার দাবী করে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা রাহেলা খানম, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পারভীন ইসলাম, তিথির সহপাঠী তমা চক্রবর্তী, আফ্রা মোহাম্মদ প্রমূখ। পরে মিছিলটি থানা রোড হয়ে উপজেলায় গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সাংসদ এর কাছে স্বারক লিপি পেশ করেন।
তিথির পিতা পান্না মিয়া জানান, শনিবার তিথি ও তার মা স্কুলের প্রধান শিক্ষিকার কাছে বখাটেদের অত্যাচারের কথা জানানোর পর স্থানীয় মহিলা পরিষদের সহায়তায় থানায় একটি অভিযোগ করা হয়। পরে এস আই আহম্মেদ মঞ্জুর মোর্শেদ বিষয়টি তদন্ত করতে যাওয়ার কথা বলে তিথি ও তার মাকে নিয়ে একটি ট্যাক্সিক্যাবে উঠায় এবং কিছুদূর যাওয়ার পর মা মেয়েকে সড়কে নামিয়ে দিয়ে রহস্যজনক কারণে তিনি ফিরে আসেন।
একই কথা বললেন মহিলা পরিষদের সভানেত্রী মীর হামিদা আজিজও। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পারভীন ইসলাম জানান, তিনি কয়েক দফায় তিথি ও তার মাকে নিয়ে থানায় গেছেন কিন্তু এসআই মঞ্জুর মোর্শেদ প্রতিবারই রহস্যজনক ভূমিকা পালন করেছেন।
তারা আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে হয়তো এ আত্মহত্যার ঘটনা এড়ানো যেতো।
এস আই আহম্মেদ মঞ্জুর মোর্শেদ বলেন, ‘আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকার লোক। তাই এ আর এমন কি’?
অপরদিকে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, নিহতের পরিবারের দায়ের করা হত্যার অভিযোগটি নথিভূক্ত করা হবে। এছাড়া অভিযুক্ত এসআই এর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
