২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিন্ন নদী এলাকায় সফরে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ মন্ত্রীরা

প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ মন্ত্রীরা বৃহস্পতিবার থেকে আন্তঃসীমান্ত নদী এলাকা সফরে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বর্ষা মৌসুমে সীমান্ত সংলগ্ন নদীগুলোর তীরবর্তী মানুষের জীবনে প্রায়ই যে দুর্ভোগ নেমে আসে তারই অভিজ্ঞতা স্বচক্ষে দেখার জন্য এই প্রথম যাচ্ছেন তারা।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকায় একটি দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে আগামী ২১ সেপ্টেম্বর মন্ত্রীদের এ সফর শেষ হবে।

সফরে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ভারতের পানিসম্পদ মন্ত্রী সাইফুদ্দিন সজ ১২ সদস্যের দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, দু দেশের যৌথ প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সীমান্ত এলাকা থেকে সফর শুরু করবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৫৪ টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে ১০ টি নদীই ত্রিপুরার মধ্য দিয়ে বয়ে গেছে। এগুলোর আবার অনেক শাখা নদীও রয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরের অংশ হিসেবে মন্ত্রীরা আগরতলা ও কলকাতাও সফর করবেন। সফরসূচির আওতায় ইছামতি ও কালিন্দী নদীও থাকবে।

এর বাইরে তারা সীমান্তবর্তী নদীর বিভিন্ন বাধ, চাষাবাদ এলাকা, পানি বিশুদ্ধকরণ প্রকল্প এলাকা ঘুরে দেখবেন।

সফর শেষে দুই পক্ষ কলকাতায় সেপ্টেম্বরের ১৫ ও ১৬ তারিখে বৈঠক করবেন। এর পরে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত অভিন্ন নদী সংলগ্ন এলাকা সফরে আসবেন। সফরকারী প্রতিনিধিরা ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং ফেনীর নদী এলাকা সফর করবেন।

প্রতিনিধি দলটি সেপ্টেম্বরের ১৯ ও ২০ তারিখে ঢাকায় আসবে এবং ভারতীয় প্রতিনিধিরা ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন।

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ৩৬ তম যৌথ নদী কমিশনের বৈঠকে দুই দেশ এ সফরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছে।

গত মে মাসে এ সফর অনুষ্ঠিত হওয়া কথা থাকলেও বাংলাদেশের গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এ সফর স্থগিত করা হয়।