নিয়োগ স্থগিতের খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিশ্র প্রতিক্রিয়া
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণ নিয়োগের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা জারির পর মঙ্গলবার রাবিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বহুল আলোচিত ৫৪৪ সিরিজের কর্মচারীরা সকালে উপাচার্যের বাসভবন ঘেরাও করে তাদের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এসব কর্মচারী আজ কোন দপ্তরেই কোন কাজে অংশ নেননি।
তবে নিয়োগ প্রার্থীদের মধ্যে রাবি প্রশাসন ও রিট পিটিশন দায়েরকারীর বিরুদ্ধে ক্ষোভ ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও সিদ্দিকুর রহমান মিঞার সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ সোমবার আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্থগিতাদেশ জারি করেন। একই সাথে হাইকোর্ট এসব নিয়োগ কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না -সে মর্মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার (প্রাশাসন) বরাবর রুল নিশিও জারি করে। গণনিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (রাকসু) সাবেক ভিপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশার দায়ের করা রিট পিটিশনের ভিত্তিতে আদালত এ রায় দেন।
প্রত্যক্ষদর্শী জানান, বিভিন্ন পত্রিকায় এ খবর প্রকাশিত হলে আজ সকাল ৯টায় বহুল আলোচিত ৫৪৪ সিরিজের কর্মচারীরা পরিষদের আহবায়ক রফিবকুল ইসলাম সদরের নেতৃত্বে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাদের নিয়োগ সম্পন্ন করতে কালক্ষেপনের জন্য কর্মচারীরা উপাচার্যসহ রাবি প্রশাসনকে গালাগাল করতে থাকে।
তাদের অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবেই তাদের নিয়োগ ঝুলিয়ে রেখেছে। রিট পিটিশন দায়েরকারী ফজলে হোসেন বাদশার বিরুদ্ধেও তারা কটুক্তি করেন।
রফিকুল ইসলাম অভিযোগ করেন, এসব নিয়োগ নির্বিশেষে রাজশাহীর সকল মানুষের জন্য সম্পন্ন করা হচ্ছিল। রিট পিটিশন দাখিল করে তারা রাজশাহীবাসীর স্বার্থকে ক্ষন্ন করেছেন। নিয়োগ সম্পন্ন করতে দেরীর জন্য তিনি উপাচার্য ও রাবি কর্তৃপক্ষের ‘অলসতার’ অভিযোগও তুলেন।
