মানিকগঞ্জের চরাঞ্চল থেকে অস্ত্রসহ ৬ জলদস্যু গ্রেপ্তার
লুন্ঠিত মালামালসহ মানিকগঞ্জের আলোকদিয়া চরাঞ্চল হতে ছয় জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জলদস্যুদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ তাদের ব্যবহৃত ইঞ্জিতচালিত ট্রলার ও লুন্ঠিত দুটি গরু উদ্ধার করা হয়।
শিবালয় উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারাপদ শিকদার এ ব্যাপারে বিডিনিউজকে জানান, রোববার রাতে আলোকদিয়া চরে জলিল মন্ডল, আনিছ খাঁ, ইউনুছ ও হারেজ মোল্লার বাড়িতে সশস্ত্র জলদস্যুরা হানা দেয়। ডাকাতি শেষে তারা ১৭টি গরু, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে ট্রলারে করে পালিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে তাওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে এলকাবাসী ও শিবালয় থানার ওসি পুুলিশ ফোর্স নিয়ে ১০/১২টি ট্রলারে করে জলদস্যুদের পিছু নেয়। সোমবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘন্টার অভিযান শেষে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ জলদস্যুদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসময় জলদস্যুদের কাছ থেকে ৪ রাউণ্ড গুলিসহ একটি রিভলবার ও কাটা বন্দুক এবং ২টি লুণ্ঠিত গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জলদস্যুরা হলো আলোকদিয়ার আশ্রম আলী (৩০), জাহিদ (২২), চর শিবালয়ের আনোয়ার (২৫), মধ্যনগর গ্রামের আব্দুল মজিদ (৪৫), দৌলতপুর উপজেলার মজিবুর (২০) ও পাবনার বেড়া উপজেলার মজিবুর (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা শিবালয় থানার চিহ্নিত জলদস্যু। দীর্ঘদিন ধরে তারা পদ্মা - যমুনা নদী ও পার্শ¦বর্তী এলাকায় ডাকাতি করে আসছিল।
