আট বছরেও কাউকে চূড়ান্ত সনদ দিতে পারেনি ইবির জীবপ্রযুক্তি বিভাগ
আট বছর আগে যাত্রা শুরু করলেও সেশন জট ও শিক্ষক সঙ্কটের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি এবং জিন প্রকৌশল বিভাগ আজ পর্যন্ত একজন শিক্ষার্থীকেও চূড়ান্ত সনদ দিতে পারেনি।
১৯৯৮--৯৯ শিক্ষাবর্ষ থেকে শুরু হলেও এ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা øাতকোত্তর পরীক্ষা শেষ করলেও তাদের ফল প্রকাশিত হয়নি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শিক্ষাবর্ষে রয়েছে দুটি করে ব্যাচ।
শিক্ষক স্বল্পতা এবং পরীক্ষাগারের সুবিধা বাড়ানোর দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছেন। এই দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশের পাশাপাশি উপাচার্যের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
ছাত্রছাত্রীরা জানান, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় এবং প্রয়োজনীয় পরীক্ষাগারের সুবিধা না থাকায় এ বিভাগের শিক্ষা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। তাদের পড়তে হচ্ছে অতিরিক্ত সেশন জটে। দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
বিভাগীয় সূত্র জানায়, এখন এ বিভাগে নয় জন শিক্ষকের মধ্যে পাঁচজনই শিক্ষা ছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন। অবশিষ্ট মাত্র চারজন প্রভাষক দিয়েই কোনোমতে বিভাগটি চলছে। চারজন শিক্ষকের পক্ষে সাতটি ব্যাচের ক্লাস ও পরীক্ষা সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
বিভাগের একজন শিক্ষক বিডিনিউজকে জানান, নিয়ম অনুযায়ী একজন শিক্ষক দুটির বেশী কোর্সের খাতা দেখার নিয়ম না থাকায় প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সম্ভব হচ্ছে না। ওই দুই বর্ষে যথাক্রমে ১০ ও ৯টি কোর্স রয়েছে।
তিনি আরো জানান, এখন বিভাগে সাতটি ব্যাচে ৫৭টি কোর্স রয়েছে। এ হিসেবে চারজন শিক্ষকের প্রতিজনের ১৪টি করে কোর্স ভাগে পড়েছে। এরপরেও প্রজেক্ট প্রাক্টিক্যাল, থিসিস সংক্রান্ত কাজ রয়েছে। যা সম্পন্ন করতে চারজনকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে।
বিভাগীয় শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বিডিনিউজকে জানান, সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম প্রায় এক বছর আগে ছয়জন শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেন এবং নিয়োগের সকল কাজ প্রায় সম্পন্ন করেন।
বিজ্ঞান অনুষদের ডিন ড. ফারুকুজ্জামান খাঁন জানান, শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া, তাই জরুরী প্রয়োজনে শূন্যপদ সমূহে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হওয়া প্রয়োজন।
উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মাদ সিরাজুল হকের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ওই বিভাগের ছাত্র ছাত্রীদের সাথে কথা বলতে বলেন এবং তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
