২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির যোগ্যতা নিয়ে সন্দিহান এনডিআই, লিড

অবাধ ও সুষ্ঠূ নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের নিরপেক্ষতা ও যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র - ভিত্তিক প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা এনডিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বাংলাদেশ সফরের শেষ পর্যায়ে সোমবার রাজধানীতে হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনডিআই প্রতিনিধিদল এ অভিমত ব্যক্ত করেন।

সম্মেলনে নির্বাচন কমিশনকে আরো গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে বেশ কয়েকটি সুপারিশ দিয়ে প্রধান বিরোধী দলের উদ্দেশ্যে সংস্থাটির প্রতিনিধিরা বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আলোচনায় বসায় সময় এখনো শেষ হয়ে যায়নি।

গত কয়েক বছরে জঙ্গিবাদের উত্থান এবং গ্রেনেড ও বোমা হামলার ব্যাপারে তারা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। উগ্রপন্থি গোষ্ঠিগুলোর সন্ত্রাসী তৎপরতার কারণে ‘আসন্ন নির্বাচন ব্যাহত হতে পারে’ বলেও তারা সংশয় ব্যক্ত করেন।

এনডিআইএ প্রতিনিধিরা সাংবাদিকদের জানিয়েছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানের বিধি মেনেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সঙ্গত হবে। বিচারপতি কে এম হাসান প্রসঙ্গে এনডিআই এর মত হলো, কোনো রাজনৈতিক দলে কোনো এক সময় থাকলেই কারো নিরপেক্ষতা শেষ হয়ে যায় না।

সংবাদ সম্মেলনে এনডিআই-এর পক্ষে মার্কিন সিনেটের নেতা টম ড্যাসেল, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মাইক মুর, কম্বোডিয়ার নারী ও প্রবীণ বিষয়ক সাবেক মন্ত্রী মু সচুয়া, এনডিআই এশিয়ার উপপরিচালক টমাস ব্যারি, বাংলাদেশে এনডিআইয়ের আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট এবং বাংলাদেশে এনডিআইয়ের সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক ডেবোরাহ হিলি উপস্থিত ছিলেন।

টম ড্যাসলে বলেন, মতপার্থক্য দূর করা এবং নির্বাচনী প্রক্রিয়া এবং ফলাফল নিয়ে একসাথে কাজ করার জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের হাতে এখনও পর্যাপ্ত সময় আছে।

ড্যাসলে বলেন, সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়া এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করা উচিত।

বিচারপতি কে এম হাসানের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছে সে ব্যাপারে সাবেক মার্কিন সিনেটর বলেন, তাদের এ ধরনের উদ্বেগের বিষয়টি খুবই ‘যৌক্তিক’।

তবে অতীতে কোনও দলের জন্য কাজ করলেই সরকারি কার্যক্রমের জন্য কোনও লোককে স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বলে ধরে নেওয়া ঠিক নয়। কোনও গুরুত্বপূর্ণ পদের জন্য কোনও প্রার্থীর যোগ্যতা সামগ্রিক দিক থেকে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আরও দশজন উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে এবং বিরোধী দল ও প্রধান উপদেষ্টার সাথে আলোচনার মাধ্যমেই এটা সম্ভব হতে পারে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কড়া নজরদারির মধ্যেই তারা তাদের দায়িত্ব পালন করবে।

প্রধান নির্বাচন কমিশনার প্রসঙ্গে ড্যাসলে জানান, প্রতিনিধি দল অযোগ্যতা ও আনুগত্যের বিষয়কে একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখছে। এ সমস্যার সমাধান হওয়া দরকার।

তিনি বলেন, দৃঢ়, সঠিক ও দ্রুত সাড়া প্রদানের অভাবে প্রধান নির্বাচন কমিশনের ওপর আস্থার অবনতি অব্যাহত থাকবে এবং তা চূড়ান্ত পর্যায়ে নেমে আসবে। তাই দায়িত্বে বহাল থাকা তার জন্য উচিত হবে না।

প্রধান নির্বাচন কমিশনের উচিত হবে অযোগ্যতার ব্যাপারে সচেতন হওয়া এবং সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া। এছাড়া ভোটার তালিকা প্রণয়ন ও সঠিক করার প্রক্রিয়ার উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার ব্যাপারেও ড্যাসলে প্রস্তাব রাখেন।

ভোটার তালিকার ব্যাপারে এনডিআই প্রতিনিধি দল জানায়, নতুন ভোটার তালিকায় ৯ কোটি ৩০ লাখ ভোটারের নাম রয়েছে। এ তালিকার সাথে ২০০১ সালের ভোটার তালিকার ‘ব্যাপক অসামঞ্জস্য’ রয়েছে।

এ ব্যাপারে ড্যাসলে বলেন, একটি ভোটার তালিকায় দেশের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের নাম উঠে এলে স্বভাবতই তা আস্থা হারায়।

এনডিআই প্রতিনিধিরা ইতোমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী বিষয় নিয়ে রাজনৈতিক দল ও অন্যান্য গোষ্ঠীর সাথে আলোচনা করেছে। প্রতিনিধি দলটি সোমবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং সরকারের কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে গত সপ্তাহে এনডিআই প্রতিনিধিরা ঢাকা সফরে আসেন।