২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস শ্রমিককে মারধর, কুষ্টিয়া--খুলনা মহাসড়কে অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকজন বাস শ্রমিককে বেদম মারধর করার প্রতিবাদে বিক্ষুব্ধ বাস শ্রমিকরা সোমবার কুষ্টিয়া--খুলনা মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 06:01 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এর ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক ছাত্রের সাথে ভাড়া আদায় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সোমবার সকাল ১০টার দিকে বাসে করে ঝিনাইদহ থেকে ক্যাম্পাস আসছিলেন। এক পর্যায়ে বাসের সুপারভাইজারের সাথে ভাড়া নিয়ে তার কথা কাটাকাটি হয়। ছাত্রটি মোবাইল ফোনে বন্ধুদের বিষয়টি জানালে তারা ক্যাম্পাসের প্রধান গেটে লাঠিসোটা নিয়ে বাসটির গতিরোধ করে। এরপর মিজান, শাহীন ও এমদাদুল নামে তিন বাস শ্রমিককে তারা বেদম মারধর করে।

ঘটনার পর বিক্ষুব্ধ বাস শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের পাশে শেখপাড়া বাজারে কুষ্টিয়া - খুলনা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়।

পরে দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বাস শ্রমিকদের সমঝোতার পর  অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।