গৌরনদীতে এনজিও কর্মীদের বিরুদ্ধে ঋণের টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলার প্রায় দেড় শতাধিক মহিলার নামে ঋণ দেখিয়ে চারটি এনজিওর কর্মকর্তারা ২০ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঋণগ্রহীতাদের তালিকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয় বছরের কয়েকজন ছাত্রীর নাম পর্যন্ত রয়েছে। সম্প্রতি কিস্তির টাকা আদায়ের জন্য মাঠকর্মীরা তালিকাভূক্ত ঋণগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি করলে এসব ঘটনা ফাঁস হয়ে পড়ে। আর এই চাপের কারণে ঋণ না নিয়েও তালিকাভূক্ত মহিলাদের এলাকা ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। পড়তে হচ্ছে নানা সামাজিক চাপের মধ্যে। এনজিও কর্মীদের চাপে এক মহিলার মৃত্যুও হয়েছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে।
অনুসন্ধানে জানা গেছে, বেসরকারি সংগঠন ব্র্যাক, আশা, গ্রামীন ব্যাংকসহ ৪টি এনজিওর মাঠকর্মীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কালেমাবাদ, হরিসোনা ও বেজাহার গ্রামের দেড় শতাধিক মহিলাকে ২০ লাখ টাকা ঋণ দেয়। কিন্তু যেসব মহিলার নামে ঋণ বিতরণ করা হয়েছে অফিসের রেকর্ডে তাদের বেশিরভাগের ভূয়া ছবি ব্যবহার করা হয়। স্বামীর নাম বদল কিংবা যাদের বিয়ে হয়নি তাদের বিবাহিতাও দেখানো হয়েছে।
গৌরনদী ব্র্যাক অফিস জানিয়েছে, ১০ জনের একটি গ্র“পকে ৮০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। ওই দশ ঋণ গ্রহীতার মধ্যে বেজাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ময়না (৯), কালেমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী পপি আক্তার (১০), কালেমাবাদ মাদ্রাসার ছাত্রী খাদিজা আক্তার (১০), গেরাকুল বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী লিপি (১২), বেজাহার গ্রামের মজিদ সরদারের মেয়ে নাজমা আক্তারের (১০) নাম পাওয়া গেছে।
কিন্তু ময়নার বাবা কালেমাবাদ গ্রামের হারুন শিকদার জানিয়েছেন, তিনি বা তার মেয়ে কোন এনজিওর কাছ থেকে ঋণ নেননি।
কালেমাবাদ মহিলা সমিতির সভানেত্রী জাবেদা বেগম জানান, তাদের সমিতির খোদেজা, পারভীন বেগম, রুমা খানমসহ ২০ সদস্যের নাম ব্যবহার করে ব্র্যাকের দুই মাঠকর্মী ১ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
কালেমাবাদ গ্রামের হারুন সরদারের স্ত্রী রিনা বেগম জানান, ‘আমার নামে ব্র্যাক থেকে ১৬ হাজার টাকা ঋণ নেয়া হয়েছে। অথচ এ ব্যাপারে আমি কিছুই জানি না। ব্র্যাকের কর্মীরা টাকার জন্য আসার পর থেকে স্বামীর সঙ্গে আমার ভূল বোঝাবুঝি শুরু হয়েছে।’
কালেমাবাদ গ্রামের শাহ আলমের স্ত্রী ছালেহা বেগমের নামে ৬০ হাজার টাকা ঋণ নেয়া হয়েছে। অথচ তিনি তা জানেন না। গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীদের চাপে এখন পালিয়ে বেড়াচ্ছেন ছালেহা।
হরিসোনা গ্রামের জালাল বেপারীর স্ত্রী মিনু বেগমের নামে ৩০ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীদের চাপে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবী করেন মেয়ে ফারহানা আক্তার।
৮ নম্বর ওয়াডের্র কমিশনার মো. আলাউদ্দিন এ সব ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘এনজিও থেকে ঋণ না নিয়েও যারা তালিকাভূক্ত হয়েছে তারা প্রতিনিয়ত আমাকে সমস্যার সমাধান করে দিতে বলছেন। কিন্তু এনজিও কর্মকর্তারা পদক্ষেপ না নেওয়ায় কিছুই করা যাচ্ছে না।’ অচিরেই সমস্যা সমাধানের জন্য ক্লাস্টার ম্যানেজারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের সাথে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘আমার দায়িত্ব পালনকালে এসব ঘটনা ঘটেনি। আগে যিনি দায়িত্বে ছিলেন তার সময়ে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। শিশুদের নামে ঋণদানের বৈধতা প্রশ্নে তিনি বলেন, হয়তো তাদের মা-বাবা তথ্য গোপন করেছে’।
গ্রামীণ ব্যাংক বাটাজোর শাখার ব্যবস্থাপক আব্দুর রব মাঠকর্মীদের চাপে একজন মারা গেছে বলে যে দাবি করা হচ্ছে তাকে ভিত্তিহীন বলে অভিহিত করে বলেন, ‘যার নামে ঋণ থাকবে টাকা আদায়ের জন্য তার উপর চাপ সৃষ্টি করা হবেই’।
গৌরনদী আশা ব্রাঞ্চ ম্যানেজার মো: আবুল কালাম আজাদ ৮ নং ওয়ার্ডের তিনটি গ্রামে ঋণদানে মাঠকর্মীদের অস্বচ্ছতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঋণগ্রহীতারা (তালিকাভুক্ত) আমাকে জানিয়েছেন। কিন্তু আমি অল্প কিছুদিন হলো এই ব্রাঞ্চের দায়িত্ব পেয়েছি। ঋণদানের সমুদয় কাগজপত্র পর্যালোচনা করা সময়সাপেক্ষ ব্যাপার বলে তিনি জানান।
এ ছাড়া কিস্তির টাকা আদায়ের জন্য মাঠকর্মীদের চাপাচাপি শুরু হওয়ার পর থেকে কালেমাবাদ গ্রামের ফারুক সরদারের স্ত্রী রওশনারাকে (৩৫) খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। ভূক্তভোগিরা অভিযোগ করেন, অবৈধ এই কাজে দালালের ভূমিকা এই মহিলাই পালন করেছেন।
