খুলনায় শ্রমিক হত্যার প্রতিবাদে সারাদেশে জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ
খুলনায় পুলিশের গুলিতে শ্রমিক হতাহতের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ শুক্রবার ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে।
সমাবেশে বক্তারা বলেন, ‘জোট সরকার ক্ষমতায় এসে শুধু শ্রমিক হানিফ নয়, হাজার হাজার বিরোধীদলীয় নেতা - কর্মীকে হত্যা করেছে। আদমজী পাটকল বন্ধ করে অসংখ্য শ্রমিককে পথে বসিয়েছে। তাই আন্দোলনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারের পতন ঘটাতে হবে’।
সমাবেশ থেকে হত্যাকান্ডের প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর প্রতিটি জেলা - উপজেলা ছাড়াও রাজধানীর মুক্তাঙ্গনে শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া মজুরী কমিশন ঘোষণা, জাতীয় ন্যুনতম মজুরী এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মতিন মাষ্টারের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, হাবিবুর রহমান আকন্দ, আমিনুল হক ফারুক, জাহাঙ্গীর আলম, মন্টু মল্লিক প্রমুখ।
